লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে যে তারা ইসরাইলের কয়েকটি সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (১০ মার্চ) ভোরে ইসরাইলের উত্তরাঞ্চলের সাফেদ শহরের পূর্বে অবস্থিত গিভা ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। একই সময় সীমান্তের কাছাকাছি অবস্থিত ইফতাহ ব্যারাকেও রকেট হামলা করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
গোষ্ঠীটির বক্তব্য অনুযায়ী, হামলাগুলো ছিল ইসরাইলি সামরিক অবস্থান লক্ষ্য করে পরিকল্পিত আক্রমণের অংশ।
এর আগে সোমবার (৯ মার্চ) সকালেও হিজবুল্লাহ আরেকটি হামলার দাবি করে। তাদের ভাষ্য অনুযায়ী, ইসরাইলের হাইফা শহরের পূর্বে অবস্থিত জিপোরিত সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়।
একই দিনে সন্ধ্যার দিকে তেল আবিবের কাছে তেল হাশোমের সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলার ঘটনাগুলো অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে এসব হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

