ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত টানা ১১ দিনে গড়িয়েছে। চলমান এই হামলায় এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পাশাপাশি হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
এমন পরিস্থিতির মধ্যেই যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট জানান, খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে পুতিন সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এখন পর্যন্ত ইরানজুড়ে ৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করতে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। তার দাবি অনুযায়ী, ইরানের ড্রোন তৈরির ঘাঁটিগুলোর অবস্থান যুক্তরাষ্ট্রের জানা রয়েছে এবং একের পর এক এসব স্থাপনায় হামলা করা হচ্ছে।
ট্রাম্প আরও দাবি করেন, এসব হামলার ফলে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন ১০ শতাংশ বা তারও নিচে নেমে এসেছে।
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিভিন্ন অঞ্চলে এখনও হামলা অব্যাহত রয়েছে। বিশেষ করে রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে সাম্প্রতিক হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে, তবে বাস্তবে পরিস্থিতি কত দ্রুত শান্ত হবে তা এখনো অনিশ্চিত।

