ইরানের সঙ্গে চলমান সংঘাতে নিহত সপ্তম মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। নিহত সেনার নাম বেনজামিন এন পেনিংটন (২৬)।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হওয়ার পর রোববার তিনি মারা যান। গত ১ মার্চ ওই সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল, যেখানে কয়েকজন মার্কিন সেনা আহত হন।
বেনজামিন এন পেনিংটন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্পেস ও মিসাইল প্রতিরক্ষা ইউনিটে কর্মরত ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফোর্ট কারসন সামরিক ঘাঁটির একটি ইউনিটে দায়িত্ব পালন করছিলেন।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত সাতজন মার্কিন সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন কুয়েতের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত হন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সূত্র।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি দেশবাসীর প্রতি নিহত সেনাদের জন্য প্রার্থনা করার আহ্বানও জানিয়েছেন।

