ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা আহত হয়েছেন—এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত এ ধরনের দাবির পক্ষে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে দাবি করেছে, সাম্প্রতিক ইরানি হামলার পর নেতানিয়াহু আহত বা নিহত হয়ে থাকতে পারেন। তবে এই দাবির পক্ষে তারা কোনো স্পষ্ট তথ্য বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দিতে পারেনি।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, কয়েকটি বিষয়কে কেন্দ্র করে এই জল্পনা তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর নতুন কোনো ভিডিও প্রকাশ না হওয়া, তার বাসভবনের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং কিছু কূটনৈতিক সফর স্থগিত হওয়ার ঘটনা।
তাসনিম নিউজ এজেন্সিকে সাধারণত ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)–এর ঘনিষ্ঠ গণমাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগও এই সংবাদমাধ্যমকে আইআরজিসি–সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করেছে।
তবে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, নেতানিয়াহু নিহত বা আহত হওয়ার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তাদের মতে, যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তার কারণে অনেক সময় শীর্ষ নেতাদের জনসমক্ষে কম দেখা যায়।
এদিকে সরকারি সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৭ মার্চ নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি সরকারি বিবৃতি প্রকাশ করা হয়েছিল। এছাড়া ৬ মার্চ তাকে বিয়ারশেবার একটি এলাকা পরিদর্শনের সময়ও দেখা গেছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই এ ধরনের খবর যাচাই ছাড়া বিশ্বাস না করার পরামর্শ দিয়েছেন তারা।

