ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ইরান যুদ্ধবিরতি চাইছে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, “আমরা অবশ্যই যুদ্ধবিরতি চাইছি না।
কারণ আমরা মনে করি আগ্রাসনকারীকে এমনভাবে জবাব দিতে হবে যাতে সে শিক্ষা পায় এবং ভবিষ্যতে আর কখনো আমাদের প্রিয় ইরানে হামলার কথা না ভাবতে পারে।”
তিনি আরও বলেন, “জায়নবাদী শাসনব্যবস্থা নিজেদের আধিপত্য ধরে রাখার জন্য যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এবং আবার যুদ্ধ—এই চক্র চালু রাখতে চায়। আমরা এই চক্র ভেঙে দেব।”
এদিকে খাতাম আল-আনবিয়া সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইরান যুদ্ধবিরতি চাইছে না এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কর্মকাণ্ডের জন্য “অনুতপ্ত” না হওয়া পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের মন্তব্য করেছেন।
পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনায় বসবে বলে তার মনে হচ্ছে না। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা ইরানের জন্য অত্যন্ত তিক্ত।
তিনি বলেন, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দফা আলোচনা হয়েছিল। এরপরই ইরানের ওপর এবারের হামলা চালানো হয়।
আরাঘচি বলেন, আগের দুই দফা আলোচনার পরই ইরানের ওপর হামলা হয়েছে।
এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আজ বলেছেন, যুদ্ধবিরতির জন্য একটি শর্ত রয়েছে—ভবিষ্যতে ইরানের ওপর আর কখনও আক্রমণ করা হবে না, এমন নিশ্চয়তা দিতে হবে।

