ইরানে হামলার তীব্রতা আরও বাড়ানো হচ্ছে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ‘ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ক্ষেত্রে আজই হবে “সবচেয়ে তীব্রতম” দিন।’
মঙ্গলবার (১০ মার্চ) মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হেগসেথ বলেন, ‘এদিনই সবচেয়ে বেশি যোদ্ধা, সবচেয়ে বেশি বোমারু লড়বে, সবচেয়ে বেশি হামলা হবে।’
একইসঙ্গে হেগসেথ জানান, যুদ্ধ শুরুর পর থেকে গত ২৪ ঘণ্টায় ইরানের পক্ষ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা তুলনামূলকভাবে কমে এসেছে।
বার্তাসংস্থা এএফপি, বিবিসি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। হেগসেথ আরও বলেন, ‘যুদ্ধ কতদিন চলবে তা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এটা যুদ্ধের শুরু, মাঝামাঝি নাকি শেষ- এ বিষয়ে মন্তব্য করা আমার কাজ নয়।’
এর আগে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে। তবে কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি তিনি।
হেগসেথ অভিযোগ করেন, ইরান তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লঞ্চারগুলো স্কুল ও হাসপাতালসহ বেসামরিক এলাকায় স্থাপন করছে, যাতে সেগুলো লক্ষ্য করে হামলা চালানো কঠিন হয়।
সংবাদ সম্মেলনে হেগসেথের সঙ্গে থাকা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ‘এই অভিযানের একটি প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের নৌবাহিনী ধ্বংস করা।’
তিনি আরও বলেন, ‘মাইন ব্যবহার করে ইরান যাতে সমুদ্রপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী।’

