ইরানের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে তেল স্থাপনাগুলোতে হামলা বন্ধ করতে ইসরায়েলকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, সোমবার ইসরায়েলের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের কাছে এ বার্তা পাঠায় ওয়াশিংটন। একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আইয়াল জামিরের কাছেও এই অনুরোধ পৌঁছে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার প্রায় দশ দিন পর প্রথমবারের মতো ইসরায়েলকে হামলা কমানোর আহ্বান জানাল যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এই অনুরোধের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।
প্রথমত, ইরানের তেল ও জ্বালানি স্থাপনায় হামলা হলে এর সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের ওপর। এতে দেশটির সাধারণ নাগরিকরা বড় ধরনের ভোগান্তির মুখে পড়তে পারেন।
দ্বিতীয়ত, যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের তেল খাতের সঙ্গে ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার বিষয়টিও বিবেচনায় রাখছে যুক্তরাষ্ট্র। তাই গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাক— এমন পরিস্থিতি ওয়াশিংটন চায় না।
তৃতীয়ত, ইরানের তেল স্থাপনায় হামলা অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনা লক্ষ্য করে তেহরানের বড় ধরনের পাল্টা হামলার ঝুঁকিও তৈরি হতে পারে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

