মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন পাতা জাহাজ ধ্বংস করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। মার্কিন বাহিনীর এই দাবির সঙ্গে একটি ভিডিওও প্রকাশ করা হয়েছে, যেখানে জাহাজগুলোর ওপর হামলার দৃশ্য দেখা যায়।
সেন্ট্রাল কমান্ডের প্রকাশিত ওই ভিডিওতে হরমুজ প্রণালীর আশপাশে থাকা জাহাজগুলোর ওপর হামলা চালানোর মুহূর্ত তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব জাহাজে মাইন পাতা ছিল এবং সেগুলো ধ্বংস করা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালীতে অবস্থান করা অকার্যকর মাইন বসানো ইরানের দশটি নৌযানে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে।
একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এসব জাহাজের বিষয়ে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ইসরায়েল ইরান ও লেবানন লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, বৈরুতের দক্ষিণাঞ্চলে হেজবুল্লাহর স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য হুমকি প্রতিহত করেছে।
সূত্র: বিবিসি বাংলা

