প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ সম্পদের মালিক হিসেবে নতুন রেকর্ড গড়েছেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৮৩৯ বিলিয়ন ডলার।
মঙ্গলবার মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশিত ওয়ার্ল্ড’স বিলিয়নিয়ার্স তালিকায় এই তথ্য উঠে আসে। তালিকা অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন ইলন মাস্ক।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে মাস্কের সম্পদ প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেড়েছে। মূলত তার প্রতিষ্ঠিত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ প্রযুক্তি কোম্পানি স্পেসএক্স-এর বাজারমূল্য দ্রুত বাড়ায় এই সম্পদ বৃদ্ধি হয়েছে।
এর মাধ্যমে মাস্ক বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৮০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হলেন। একই সঙ্গে তিনি এখন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন।
ফোর্বস জানায়, প্রায় দেড় ট্রিলিয়ন ডলার মূল্যমানের টেসলা কোম্পানির প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক ইলন মাস্ক। ২০০৪ সালে তিনি প্রথম এই কোম্পানিতে বিনিয়োগ করেন এবং ২০০৮ সাল থেকে এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া ২০২২ সালে মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন, পরে এর নাম পরিবর্তন করে এক্স রাখেন। ২০২৫ সালে তিনি এটিকে তার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-এর সঙ্গে একীভূত করেন। এতে নতুন কোম্পানিটির মূল্য দাঁড়ায় প্রায় ১১৩ বিলিয়ন ডলার।
অন্যদিকে ২০০২ সালে প্রতিষ্ঠিত স্পেসএক্স-ও মাস্কের সম্পদের বড় উৎস। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই প্রতিষ্ঠান এক্সএআই অধিগ্রহণ করে, যার ফলে সম্মিলিত কোম্পানির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার। এই বিশাল প্রতিষ্ঠানে মাস্কের মালিকানা রয়েছে প্রায় ৪৩ শতাংশ।
ফোর্বসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে মোট ৩,৪২৮ জন বিলিয়নিয়ার রয়েছেন। তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ বেড়ে ২০ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ইতিহাসে সর্বোচ্চ।

