সুইজারল্যান্ডের পশ্চিমাঞ্চলের একটি শহরে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানী বার্ন থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ফ্রিবার্গ ক্যান্টনের কেরজার্স শহরের কেন্দ্রস্থলে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত অন্তত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া উদ্ধার কাজে অংশ নেওয়া একজন উদ্ধারকর্মীও আহত হয়েছেন।
আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে স্থানীয় কিছু সূত্রে দাবি করা হয়েছে, একজন ব্যক্তি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ জানিয়েছে, এই তথ্য এখনো নিশ্চিত করা যায়নি এবং বিষয়টি তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, আগুনের তীব্রতায় বাসটির প্রায় পুরো অংশ পুড়ে গেছে এবং কাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার শিকার বাসটি কেরজার্স থেকে প্রায় ১৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ডুডিনজেন পৌরসভা থেকে এসেছিল। ঘটনাটির সময় বাসটির সঙ্গে অন্য কোনো যানবাহনের সংঘর্ষ হয়নি বলেও নিশ্চিত করা হয়েছে।
পুলিশের মুখপাত্র ফ্রেডেরিক পাপোক্স জানান, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে বাসের ভেতরে থাকা কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পেট্রোল ঢেলে আগুন দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।
এই ঘটনার পর সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন।

