জ্বালানির মূল্যবৃদ্ধি মোকাবিলায় কৌশলগত মজুত থেকে ১৭২ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইএ) পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রাম্প প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।
বুধবার মার্কিন প্রশাসন জানায়, দেশের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) থেকে এই বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বাজারে ছাড়া হবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার বিকেলে সিনসিনাটির স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘লোকাল ১২’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা মজুত তেল বাজারে ছাড়ব এবং পরে আবার সেই মজুত পূরণ করব। আমি আগেও এটি পূর্ণ করেছি এবং আবারও করব। তবে বর্তমানে কিছুটা মজুত কমানো হবে, যা তেলের দাম কমাতে সাহায্য করবে।”
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বাজারে সরবরাহ বাড়িয়ে দাম স্থিতিশীল রাখতে সহায়ক হতে পারে।

