লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে ইসরাইলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালিয়েছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননের বিভিন্ন এলাকা থেকে একযোগে প্রায় ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। চলতি মাসের শুরুতে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এটিকে ইসরাইলের ওপর হিজবুল্লাহর সবচেয়ে বড় ও শক্তিশালী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই হামলার ফলে হাইফা শহর, গ্যালিলি ও গোলান হাইটস অঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান।
আইডিএফ জানিয়েছে, লেবাননের একাধিক কৌশলগত স্থান থেকে রকেটগুলো ছোড়া হয়েছে। ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি রকেট প্রতিহত করতে সক্ষম হলেও হামলার ব্যাপকতায় পুরো অঞ্চল উত্তেজনায় কেঁপে ওঠে।
তবে এত বড় হামলার পরও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইসরাইলি জরুরি পরিষেবাগুলো আক্রান্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে।
সামরিক বিশ্লেষকদের মতে, এই হামলা ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে শক্তি প্রদর্শনের একটি বড় ইঙ্গিত, যা চলমান সংঘাতকে আরও ঝুঁকিপূর্ণ ও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।
হামলার পর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। লেবানন সীমান্তে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে।

