ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত টানা ১৩ দিনে গড়িয়েছে। এই সংঘাতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। তবে যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। এর মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমাদের জন্য যুদ্ধক্ষেত্রে অনেক ভালো খবর আছে। স্পষ্ট করে বললে, ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। দেশটি নিশ্চিহ্ন হওয়ার পথে।”
তিনি আরও বলেন, ইরান এখন প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। তবে এর অর্থ এই নয় যে যুদ্ধ এখনই শেষ হয়ে যাচ্ছে। ট্রাম্পের ভাষায়, “তারা শেষ হয়ে গেছে, কিন্তু আমরা এখনই যুদ্ধ থামাচ্ছি না।”
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা কার্যত ভেঙে পড়েছে। তার মতে, ইরানের আর কার্যকর নৌবাহিনী, বিমানবাহিনী কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখন ইরানের আকাশসীমায় প্রায় বাধাহীনভাবে অভিযান চালাতে পারছে।
ট্রাম্প জানান, বর্তমানে সমুদ্রপথ ও গুরুত্বপূর্ণ প্রণালিগুলোর পরিস্থিতির ওপরও যুক্তরাষ্ট্র কড়া নজর রাখছে।
তিনি বলেন, “মূল বিষয় হলো আমাদের জিততে হবে—দ্রুত জিততে হবে, কিন্তু সেই জয় নিশ্চিত হতে হবে। অনেকেই বলছে আমরা ইতোমধ্যে জিতে গেছি। এখন প্রশ্ন হলো, কখন আমরা থামব। আমরা চাই না এই শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠুক।”
এ সময় তিনি ইরানকে নতুন করে সতর্ক করে বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র তেহরানের বিভিন্ন স্থানে আরও হামলা চালাতে পারে। এমন হামলা হলে দেশটির পুনর্গঠন প্রায় অসম্ভব হয়ে পড়বে বলেও দাবি করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র চাইলে এক ঘণ্টার মধ্যেই ইরানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধ্বংস করে দিতে পারে, তবে আপাতত সে ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই।

