মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেও ভারতীয় পতাকাবাহী তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র অনুযায়ী, ভারতের দুটি তেলবাহী জাহাজ—‘পুষ্পক’ ও ‘পরিমল’—নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পেরেছে। তবে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজগুলো এখনো নানা সীমাবদ্ধতার মুখে রয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা ছিল ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ নিয়ে মঙ্গলবার (১০ মার্চ) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলেন।
সংঘাত শুরু হওয়ার পর এটি ছিল দুই নেতার মধ্যে তৃতীয়বারের মতো আলোচনা। আলোচনায় মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি এবং জ্বালানি পরিবহন নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও ইতিবাচক বার্তা দিয়েছে তেহরান। সরকারের অনুরোধে ইরান আশ্বস্ত করেছে যে বাংলাদেশের তেলবাহী জাহাজগুলোকে বাধা দেওয়া হবে না।
জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল ও এলএনজি বহনকারী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন করিডোর হিসেবে পরিচিত এই নৌপথটি বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে।

