মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে আকাশপথে চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে দুবাইয়ের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে শহরের প্রধান বিমানবন্দর বন্ধ হয়ে গেলে প্রতি মিনিটেই বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর কার্যক্রম বন্ধ থাকলে প্রতি মিনিটে প্রায় ১০ লাখ ডলার (প্রায় ৭ লাখ ৫০ হাজার পাউন্ড) পর্যন্ত ক্ষতি হতে পারে। এই ক্ষতি মূলতঃ বিমান চলাচল, পর্যটন, ট্রানজিট যাত্রী, কার্গো পরিবহন এবং সংশ্লিষ্ট ব্যবসা কার্যক্রমে প্রভাব পড়ার কারণে ঘটে।
হিসাব অনুযায়ী, যদি টানা ২৪ ঘণ্টা বিমানবন্দরটি বন্ধ থাকে, তাহলে সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ দশমিক ৪৪ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। পাউন্ডে যার পরিমাণ প্রায় ১০৭ কোটি।
বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর অন্যতম এই কেন্দ্রটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনের বড় অংশই এখান দিয়ে হয়ে থাকে। ফলে এটি বৈশ্বিক বিমান চলাচলের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে পরিচিত।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠলে বা আকাশপথে সীমাবদ্ধতা আরোপ করা হলে দুবাইয়ের মতো আন্তর্জাতিক বিমান পরিবহননির্ভর শহরের অর্থনীতিতে তা বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। বিমান চলাচল বন্ধ হয়ে গেলে পর্যটন, বাণিজ্য ও পরিবহন খাত একসঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

