ইসরাইলি গোয়েন্দা সংস্থা শিন বেতের সদর দপ্তর এবং দুটি সামরিক বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের সেনাবাহিনীর দাবি অনুযায়ী, ড্রোন হামলার লক্ষ্য ছিল তেল আবিবে অবস্থিত শিন বেতের প্রধান কার্যালয় এবং ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) জানায়, হামলাগুলো চালানো হয়েছে ‘পালমাচিম’ ও ‘ওভদা’ বিমান ঘাঁটি লক্ষ্য করে।
এর মধ্যে পালমাচিম বিমান ঘাঁটি ভূমধ্যসাগর উপকূলের কাছে ইয়াভনে শহরের পশ্চিমে অবস্থিত। অন্যদিকে ওভদা বিমান ঘাঁটি ইসরাইলের দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং এটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।
তবে এ হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরাইলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

