চলমান ইরান সংঘাতে যুদ্ধের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ১৩০ কোটি (১১.৩ বিলিয়ন) মার্কিন ডলার। দেশটির প্রতিরক্ষা দফতর পেন্টাগনের হিসাব অনুযায়ী এই তথ্য সামনে এসেছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও এনবিসি নিউজ অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত মঙ্গলবার আইনপ্রণেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে সামরিক কর্মকর্তারা এই ব্যয়ের হিসাব তুলে ধরেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এই হিসাবটি মূলত সরাসরি যুদ্ধসংক্রান্ত ব্যয়ের একটি প্রাথমিক ধারণা। এতে সংঘাত সংশ্লিষ্ট আরও অনেক ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি।
বিশেষ করে যুদ্ধ শুরুর আগে সামরিক সরঞ্জাম সংগ্রহ, অতিরিক্ত জনবল মোতায়েন এবং বিভিন্ন লজিস্টিক প্রস্তুতির পেছনে যে বিপুল অর্থ ব্যয় হয়েছে, তা এই হিসাবের মধ্যে ধরা হয়নি। ফলে বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় এই পরিসংখ্যানের চেয়ে আরও অনেক বেশি হতে পারে।

