মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেলের দাম বৃদ্ধি যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হয়ে উঠছে। তার মতে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে এবং এতে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।
সংঘাত তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে তেলের দাম ৯ শতাংশেরও বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ইরানি বিস্ফোরকবাহী নৌকাগুলোর ওপর হামলার পর ইরাকের একটি বন্দরে দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগে। অন্যদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকায় কয়েক ডজন তেলবাহী জাহাজ সেখানে আটকা পড়ে আছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ। তাই তেলের দাম বাড়লে আমরা প্রচুর অর্থ উপার্জন করি।’
তবে ট্রাম্পের এই মন্তব্য ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার মুখে পড়েছে। তাদের মতে, যুদ্ধের কারণে সাধারণ মার্কিন নাগরিকদের জ্বালানির খরচ ইতোমধ্যেই বেড়ে যাচ্ছে।
অ্যারিজোনার ডেমোক্র্যাটিক সিনেটর মার্ক কেলি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘গ্যাসের আকাশছোঁয়া দামের ফলে আসলে বড় তেল কোম্পানিগুলোই লাভবান হচ্ছে।’
তিনি আরো লিখেছেন, ট্রাম্প কেন এতে খুশি তা বোঝা কঠিন নয়, কারণ তিনি কেবল ধনীদের স্বার্থের কথাই ভাবেন।

