যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন বলে তিনি মনে করেন, তবে মোজতবা খামেনি ‘আহত’ অবস্থায় রয়েছেন।
মোজতবা খামেনির বাবা ও দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের প্রথম দিনেই নিহত হন।
রোববার (৮ মার্চ) ধর্মীয় নেতাদের একটি পরিষদ মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। তার প্রথম মন্তব্যও বৃহস্পতিবার টেলিভিশনের এক উপস্থাপক পড়ে শোনান।
বুধবার এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন সর্বোচ্চ নেতা সামান্য আহত হলেও তিনি দায়িত্ব পালন চালিয়ে যাচ্ছেন। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে তাকে ‘যুদ্ধে আহত’ বলে উল্লেখ করা হয়েছিল।
ফক্স নিউজের ‘দ্য ব্রায়ান কিলমিড শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তিনি সম্ভবত (জীবিত) আছেন। আমার ধারণা, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে কোনো না কোনোভাবে সম্ভবত বেঁচে আছেন।’
বৃহস্পতিবার রাতে ফক্স নিউজ ট্রাম্পের এ মন্তব্য প্রকাশ করে।
মোজতবা খামেনি তার প্রথম বার্তায় হরমুজ প্রণালী বন্ধ রাখার অঙ্গীকার করেন এবং প্রতিবেশী দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় ইরান সেসব ঘাঁটিকে লক্ষ্যবস্তু করতে পারে বলেও সতর্ক করেন।

