ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরের পশ্চিমে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় একজন ফরাসি সেনা নিহত হয়েছেন। আলজাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামলায় আরও কয়েকজন সেনা আহত হয়েছেন বলে জানা গেছে।
এই সামরিক ঘাঁটিটি ফরাসি ও ইরাকি বাহিনীর যৌথভাবে ব্যবহৃত একটি ঘাঁটি, যা মূলত আইএসআইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের সামরিক অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়ে আসছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁও এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সেনার নাম চিফ ওয়ারেন্ট অফিসার আরনাউড ফ্রিয়ন। গত মাসের শেষ দিকে ইরানকে ঘিরে যুদ্ধ শুরু হওয়ার পর এটিই প্রথমবার কোনো ফরাসি সেনা নিহত হওয়ার ঘটনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ম্যাখোঁ বলেন, “তার পরিবার ও সহযোদ্ধাদের প্রতি জাতির পক্ষ থেকে গভীর সমবেদনা ও সংহতি জানাচ্ছি।” তিনি আরও জানান, হামলায় ফ্রান্সের আরও কয়েকজন সেনা আহত হয়েছেন এবং সরকার তাদের ও তাদের পরিবারের পাশে থাকবে।
ফরাসি প্রেসিডেন্ট এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইরাকে ফরাসি সেনাদের উপস্থিতি মূলত ইসলামিক স্টেট (আইএসআইএস)-এর বিরুদ্ধে লড়াইয়ের অংশ। ইরান যুদ্ধকে অজুহাত হিসেবে ব্যবহার করে এমন হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ইরবিল অঞ্চলের গভর্নর ওমেদ খোশ্নাও এক বিবৃতিতে জানিয়েছেন, ইরাকের মাখমুর এলাকায় পেশমারগা ও ফরাসি বাহিনীর যৌথ ঘাঁটিতে চালানো ড্রোন হামলায় অন্তত ছয়জন ফরাসি সেনা আহত হয়েছেন। স্থানীয় নিরাপত্তা সূত্রও এই তথ্য নিশ্চিত করেছে।
ইরাকে সংঘটিত এসব হামলার দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট “ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক”। তারা জানিয়েছে, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে।
এই গোষ্ঠীগুলোর দাবি, তারা এরবিলের মার্কিন কনস্যুলেট, বাগদাদে মার্কিন দূতাবাস এবং বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত ভিক্টরি ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করেছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই এসব হামলা শুরু হয়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক সময়গুলোতে এই হামলার তীব্রতা আরও বেড়েছে।
ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠনগুলো বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের জবাব দিতেই তারা এসব হামলা চালাচ্ছে।

