বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর কিংবা সামরিক ঘাঁটি নয়, এবার সাইবার হামলার লক্ষ্যবস্তু ইউরোপের সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজার। দূর থেকে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা হ্যাক করে কয়েক ঘণ্টার মধ্যে বিপুল পরিমাণ খাবার নষ্ট করে দেওয়া হয়েছে। ফ্রান্স থেকে শুরু হয়ে বেলজিয়াম, সুইডেন, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডসহ ইউরোপের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে এমন হামলার ঘটনা। প্রথম দেখায় সাধারণ একটি ফ্রিজে হামলা তেমন গুরুত্বপূর্ণ মনে না হলেও এর ভেতরে লুকিয়ে আছে আধুনিক অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার বড় দুর্বলতা। প্রশ্ন হচ্ছে, যে প্রযুক্তি মানুষের জীবন সহজ করার কথা, সেটিই যদি খাদ্য সরবরাহব্যবস্থাকে অচল করে দেওয়ার অস্ত্র হয়ে ওঠে, তাহলে আধুনিক সমাজ কতটা নিরাপদ?
কয়েক বছর ধরে সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা হলেই বিদ্যুৎ গ্রিড, ব্যাংকিং ব্যবস্থা, বিমানবন্দর, সামরিক নেটওয়ার্ক কিংবা টেলিযোগাযোগ অবকাঠামোর কথা সামনে এসেছে। কারণ এসব ব্যবস্থায় হামলা হলে একটি দেশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। কিন্তু ইউরোপের সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে, সাইবার হামলার জন্য সব সময় বড় কোনো অবকাঠামো অচল করার প্রয়োজন নেই। একটি সুপারমার্কেটের ফ্রিজারও বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি ও জনজীবনে অস্থিরতা তৈরির মাধ্যম হতে পারে।
ঘটনার শুরু ১২ অক্টোবর ফ্রান্সে। রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, দেশটির প্রায় ৭০০ সুপারমার্কেট ও খুচরা বিক্রয়কেন্দ্রের হিমায়ন ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়। হামলাকারীরা দূর থেকে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণের সেটিং পরিবর্তন করে দেয়। কয়েক ঘণ্টার মধ্যে কোনো কোনো যন্ত্রের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। ফলে বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার ফেলে দিতে হয়। ফরাসি সুপারমার্কেট চেইন ইন্টারমার্শে এক দিনেই কয়েক কোটি ইউরোর ক্ষতির কথা জানিয়েছিল।
এরপর ১ ও ২ নভেম্বর নতুন করে হামলার ঢেউ ছড়িয়ে পড়ে। বেলজিয়াম, সুইডেন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস ও পর্তুগালসহ অন্তত নয়টি দেশে সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থায় অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির ঘটনা ঘটে। কোথাও ফ্রিজার বন্ধ হয়ে যায়, কোথাও স্বয়ংক্রিয়ভাবে ডিফ্রস্ট মোড চালু হয়ে খাবার নষ্ট হয়। ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা- ইএনআইএসএ (ENISA) এবং ইউরোপীয় কমিশন ৪ নভেম্বর যৌথভাবে ঘটনাগুলো পর্যবেক্ষণের কথা জানায় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়।
ফ্রিজ কীভাবে সাইবার হামলার অস্ত্র হয়ে উঠল?
এখানে মূল বিষয়টি ফ্রিজ নয়, বরং ফ্রিজ পরিচালনার সঙ্গে যুক্ত ডিজিটাল প্রযুক্তি। আধুনিক সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থা এখন শুধু বিদ্যুৎচালিত যন্ত্রের ওপর নির্ভরশীল নয়। এর সঙ্গে যুক্ত থাকে ইন্টারনেট সংযোগ, দূরবর্তী নিয়ন্ত্রণ ব্যবস্থা, তাপমাত্রা পর্যবেক্ষণের সফটওয়্যার এবং স্বয়ংক্রিয় রক্ষণাবেক্ষণ প্রযুক্তি।
এসব ব্যবস্থার সুবিধা হলো, একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকেই অনেকগুলো দোকানের ফ্রিজ পর্যবেক্ষণ করা যায়। কিন্তু নিরাপত্তায় দুর্বলতা থাকলে একই সংযোগ হ্যাকারদের জন্য প্রবেশপথ তৈরি করে। ফ্রান্সের ঘটনায় ড্যানফসের হিমায়ন নিয়ন্ত্রণ প্রযুক্তি এবং পরে ডিক্সেল ব্যবস্থায় অনুপ্রবেশের ঘটনা সামনে আসে। লে মঁদ জানায়, এসব নিয়ন্ত্রণ প্যানেল অনেক ক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষা ছাড়াই ইন্টারনেটে উন্মুক্ত ছিল। নিরাপত্তা গবেষকেরা আগেও কিছু ব্যবস্থায় দুর্বলতা শনাক্ত করেছিলেন। তবে সাম্প্রতিক হামলাগুলো ঠিক কোন দুর্বলতা ব্যবহার করে চালানো হয়েছে, তা সব ক্ষেত্রে নিশ্চিত হয়নি।
অর্থাৎ, কোনো হ্যাকারকে দোকানে ঢুকতে হচ্ছে না, ফ্রিজ ভাঙতে হচ্ছে না কিংবা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হচ্ছে না। দূরে বসেই সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে তাপমাত্রা বদলে দেওয়া সম্ভব। এটাই আধুনিক সাইবারযুদ্ধের অস্বস্তিকর বাস্তবতা।
খাবার নষ্টের আড়ালে অর্থনীতিতে আঘাত
একটি সুপারমার্কেটের কয়েকটি ফ্রিজ নষ্ট হলে সেটিকে বড় জাতীয় নিরাপত্তা সংকট মনে নাও হতে পারে। কিন্তু একই ধরনের হামলা যদি শত শত দোকান, খাদ্যগুদাম ও সংরক্ষণকেন্দ্রে একসঙ্গে ছড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে। কারণ আধুনিক খাদ্য সরবরাহব্যবস্থা উৎপাদন থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত শীতল সংরক্ষণের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
দুধ, মাংস, মাছ, ওষুধ এবং বিভিন্ন হিমায়িত খাদ্য নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। হিমায়ন ব্যবস্থা অচল হলে শুধু পণ্য নষ্ট হয় না; সরবরাহের সময়সূচি বদলাতে হয়, নতুন করে পণ্য সংগ্রহ করতে হয়, পরিবহন ব্যয় বাড়ে এবং ব্যবসাপ্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। বড় পরিসরে এমন হামলা হলে খাদ্য সরবরাহে ঘাটতি, মূল্যবৃদ্ধি এবং ভোক্তাদের মধ্যে আতঙ্কও তৈরি হতে পারে।
এখানেই হামলাগুলোর কৌশলগত গুরুত্ব। কোনো দেশের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস না করেও তার অর্থনৈতিক কার্যক্রমে চাপ সৃষ্টি করা সম্ভব। এমনকি খাদ্য উৎপাদন স্বাভাবিক থাকলেও সংরক্ষণ ও বিতরণব্যবস্থা অচল করে সরবরাহ সংকট তৈরি করা যায়।
কারা হামলা চালাচ্ছে, উদ্দেশ্যই বা কী?
প্রথম দফার হামলার দায় কারা নিয়েছে, তা শুরুতে পরিষ্কার ছিল না। তবে ১০ নভেম্বর প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে নতুন তথ্য এসেছে। ফ্রান্সের সরকার দাবি করেছে, ১২ অক্টোবরের হামলার পেছনে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC)-সংশ্লিষ্ট শাহিদ কাভেহ নামের একটি সাইবার ইউনিট রয়েছে। ফরাসি সাইবার নিরাপত্তা সংস্থা ANSSI ফারসি ভাষার ব্যবহার ও ইরানের সঙ্গে সংশ্লিষ্ট আইপি ঠিকানার ভিত্তিতে এই মূল্যায়ন করেছে। প্যারিসের প্রসিকিউটর কার্যালয়ও বিদেশি শক্তির স্বার্থে সংঘটিত সাইবার অপরাধের অভিযোগে তদন্ত শুরু করেছে। তবে এটি ফরাসি কর্তৃপক্ষের তদন্তভিত্তিক অভিযোগ; সংশ্লিষ্ট গোষ্ঠীর দায় স্বাধীনভাবে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এমন নয়।
এই তথ্য গুরুত্বপূর্ণ, কারণ কোনো রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট সাইবার ইউনিট বেসামরিক খাদ্য সরবরাহব্যবস্থায় হামলা চালালে বিষয়টি সাধারণ হ্যাকিংয়ের সীমা ছাড়িয়ে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়। তবে নভেম্বরের দ্বিতীয় দফার ইউরোপজুড়ে হামলাগুলোর পেছনেও একই পক্ষ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় দুর্বলতা
এই ঘটনাগুলোর সবচেয়ে বড় শিক্ষা হলো, প্রযুক্তি যত উন্নত হচ্ছে, তার ওপর নির্ভরতাও তত বাড়ছে। একটি সুপারমার্কেটের ফ্রিজ, গুদামের স্বয়ংক্রিয় দরজা, ওষুধ সংরক্ষণের তাপমাত্রা নিয়ন্ত্রণ কিংবা খাদ্য পরিবহনের সফটওয়্যার- সবকিছুই এখন বৃহত্তর ডিজিটাল নেটওয়ার্কের অংশ।
ইউরোপীয় ইউনিয়নের সাইবার রেজিলিয়েন্স অ্যাক্ট-এ তাই প্রযুক্তিপণ্যের নকশা থেকেই সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইএনআইএসএ-ও আক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে পুরোনো নিয়ন্ত্রণব্যবস্থা হালনাগাদ, দূরবর্তী প্রবেশাধিকার সীমিত এবং নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার করার পরামর্শ দিয়েছে।
এখানে আরেকটি প্রশ্ন সামনে আসে: কোনো প্রতিষ্ঠান যদি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও নিজস্ব ব্যবস্থায় ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সেই প্রযুক্তিকে কতটা নিরাপদ বলা যায়? জরুরি পরিস্থিতিতে হাতে-কলমে নিয়ন্ত্রণের বিকল্প ব্যবস্থা না থাকলে একটি ছোট সাইবার হামলাও বড় বিপর্যয় ডেকে আনতে পারে।
ইউরোপের সুপারমার্কেটের ফ্রিজে হামলা আধুনিক যুদ্ধের একটি নতুন দুর্বলতা প্রকাশ করেছে। ভবিষ্যতে বিদ্যুৎকেন্দ্র বা সামরিক ঘাঁটি নয়, খাদ্য সংরক্ষণ, হাসপাতালের শীতলীকরণ, ওষুধের গুদাম কিংবা পানি সরবরাহের মতো সাধারণ ব্যবস্থাও সাইবার হামলার লক্ষ্য হতে পারে। তখন ক্ষতির হিসাব শুধু অর্থ দিয়ে করা যাবে না; এর সঙ্গে জড়িয়ে থাকবে মানুষের স্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা ও রাষ্ট্রের ওপর নাগরিকদের আস্থা।
একটি ফ্রিজে হামলা করে কোনো দেশকে পরাজিত করা সম্ভব নয়। কিন্তু একটি দেশের নিত্যপ্রয়োজনীয় ব্যবস্থাগুলোকে যদি একের পর এক অচল করে দেওয়া যায়, তাহলে যুদ্ধক্ষেত্রের বাইরেও ভয়াবহ চাপ তৈরি করা সম্ভব। আধুনিক সমাজ এমন অনেক ডিজিটাল দুর্বলতার ওপর দাঁড়িয়ে আছে, যেগুলোর অস্তিত্ব আমরা বিপর্যয় না ঘটা পর্যন্ত টেরই পাই না।
তথ্যসূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, দ্য গার্ডিয়ান, এনআইএসএ (ENISA), ল্য মঁদ, মিডল ইস্ট মনিটর

