Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মূল্যস্ফীতি বাড়ছে তাহলে বেতন কেন বাড়ানো হবে না?
    মতামত

    মূল্যস্ফীতি বাড়ছে তাহলে বেতন কেন বাড়ানো হবে না?

    মৈত্রীনভেম্বর 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইনফোগ্রাফিক: সিটিজেনস ভয়েস
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একসময় পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ ভর্তি বাজার আসত, আর এখন ব্যাগ ভর্তি টাকা নিয়ে গেলে পকেট ভর্তি বাজার আসে।

    ২০২৬-২০২৭ অর্থবছরের অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৭ শতাংশ। একসময় যে পণ্য কিনতে ১০০ টাকা খরচ হতো, এখন সেই একই পণ্য কিনতে খরচ হচ্ছে প্রায় ১০৮ টাকা ২৭ পয়সা। চার বছর ধরে নানা ধরণের ভুল নীতির কারণে মূল্যস্ফীতির চাপে আমরা।

    অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়লে মানুষের প্রকৃত আয় বা ক্রয়ক্ষমতা কমে যায়। এ অবস্থায় বেতন সমন্বয় না হলে আয় অপরিবর্তিত থাকলেও বাস্তবে মানুষ আগের চেয়ে দরিদ্র হয়ে পড়ে। অর্থনীতির ভাষায় এটি প্রকৃত মজুরি হ্রাসের পরিস্থিতি। কিন্তু প্রশ্ন হলো, মূল্যস্ফীতির চাপ কর্মীদের আয়ের  ক্ষতি পুষিয়ে দেওয়ার কার্যকর ব্যবস্থা কতটা রয়েছে? 

    দামের দৌড়, আয়ের হাঁটা

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, ২০২২-২৩ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০২ শতাংশ। পরের অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ৭৩ শতাংশে। ২০২৪-২৫ অর্থবছরে মূল্যস্ফীতি আরও বেড়ে হয় ১০ দশমিক ০৩ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে কিছুটা কমে ৮ দশমিক ৬৮ শতাংশে নামলেও গত কয়েক বছরের মূল্যবৃদ্ধির চাপ রয়ে গেছে।

    ২০২৬-২০২৭ অর্থবছরের অক্টোবরে সার্বিক র ৮ দশমিক ২৭ শতাংশ, খাদ্যে ৬ দশমিক ৮০ আর খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ৮৯ শতাংশ। ঘরভাড়া, চিকিৎসা, যাতায়াত, শিক্ষার মতো খরচ বেড়েই চলেছে।

    অন্যদিকে, বিবিএসের মজুরি হার সূচক বলছে, ২০২২-২৩ অর্থবছরে সাধারণ মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ০৪ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে ৭ দশমিক ৭৪ শতাংশ এবং ২০২৪-২৫ অর্থবছরে ৮ দশমিক ১০ শতাংশ হয়। কিন্তু একই সময়ে মূল্যস্ফীতির হার ছিল আরও বেশি। ফলে নামমাত্র মজুরি বাড়লেও প্রকৃত ক্রয়ক্ষমতা ধরে রাখা সম্ভব হয়নি। সর্বশেষ ২০২৬ সালের অক্টোবরে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৬৩ শতাংশ, যেখানে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়,  ২০২২ সালের ফেব্রুয়ারির পর কোনো মাসেই মজুরি হার মূল্যস্ফীতিকে ছুঁতে পারেনি।

    যাদের আয় দিনের হিসেবে চলে

    কৃষি বা দিনমজুরির কাজে যারা আছেন, তাদের কষ্ট সবচেয়ে সরাসরি। দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে এক শ্রমিক জানান, আগে কৃষি মৌসুমে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করতেন, এখন ১৪ হাজার টাকা তোলাও কঠিন। তাদের কোনো বেতন বোর্ড নেই, কোনো ইনক্রিমেন্ট নেই। 

    পোশাকশ্রমিক: সবচেয়ে দৃশ্যমান আন্দোলন

    এ প্রশ্নের সবচেয়ে বড় রাস্তার চেহারা পোশাক খাতে। যুগান্তরের এক প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের নভেম্বরে ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। এখন শ্রমিকেরা চাইছেন ৩০ হাজার। সরকার লাগাতার আন্দোলনের মধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করেছে। কিন্তু বেতন বাড়ানো হচ্ছে না কারণ মালিকপক্ষ আশঙ্কা করছে  তাতে কারখানা চালানোর খরচ ও নিরাপত্তার চাপ বেড়ে যাবে।

    সরকারি চাকরিজীবী ও পেনশনভোগী

    সরকারি কর্মচারীরাও এ চাপের বাইরে নন। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী ২৩ সদস্যের  বেতন কমিশন জানুয়ারিতে সুপারিশ জমা দিয়েছে। বর্তমানে ১৪ লাখ কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর পেছনে সরকারের বার্ষিক ব্যয় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা, আর প্রস্তাব বাস্তবায়নে আরও ১ লাখ ৬ হাজার কোটি টাকা লাগতে পারে। কিন্তু ইত্তেফাকের এক প্রতিবেদনে দেখা যায়, নবম পে-স্কেলের সম্পূর্ণ বাস্তবায়ন ২০২৮-২৯ অর্থবছরের আগে হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ নির্দিষ্ট আয়ের এ শ্রেণিও অপেক্ষায়।

    বেসরকারি চাকরিজীবী ও ছোট ব্যবসায়ী

    ব্যাংক, কর্পোরেট বা ছোট প্রতিষ্ঠানের বেতনভোগীদের জন্য কোনো সাধারণ বোর্ড বা পে-স্কেল নেই। বছর শেষে বেতন বাড়বে কিনা, তা নির্ভর করে মালিকের মুনাফা ও মর্জির ওপর। এই শ্রেণির আয়ের নির্ভরযোগ্য তথ্যও কম। দেশে প্রায় ৫ কোটি ৮০ লাখ মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন, যা মোট কর্মসংস্থানের প্রায় ৮৪ শতাংশ। তাদের বড় অংশের আয় নির্দিষ্ট নয়; কাজের ধরন, চাহিদা ও বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে। ফলে মূল্যস্ফীতি বাড়লে তাদের আয় একই হারে বাড়ার নিশ্চয়তা থাকে না।

    মূল্যস্ফীতির কারণ?

    মূল্যস্ফীতির কারণ হিসেবে প্রথমে বলা হতো বাজারে টাকার জোগান বেশি থাকাকে। জন মেনার্ড কেইনস বলেছিলেন, অতিরিক্ত চাহিদা মূল্যস্ফীতির কারণ হতে পারে। অর্থনীতির  ভাষায় একে বলা হয় চাহিদা-টান মূল্যস্ফীতি: উচ্চ সামগ্রিক চাহিদার কারণে এই মূল্যস্ফীতি ঘটে।

    ১৯৬০ এর দশকে অর্থনীতিবিদরা বলেন, মূল্যস্ফীতি নিয়ে মানুষের প্রত্যাশাও মূল্যস্ফীতিকে প্রভাবিত করে। এই ধারণা এসেছে মিলটন ফ্রিডম্যান ও এডমন্ড ফেল্পসের কাজ থেকে, যারা ১৯৬০ এর দশকে সামগ্রিক সরবরাহের ক্ষেত্রে প্রত্যাশার গুরুত্ব তুলে ধরেন।

    অনেক দিন এমন অবস্থা চলতে থাকলে মূল্যস্ফীতি নিজের জোরেই টিকে থাকে। একে বলা হয় মূল্যস্ফীতির জড়তা, কারণ অতীতের মূল্যস্ফীতি ভবিষ্যৎ প্রত্যাশাকে প্রভাবিত করে, আর সেই প্রত্যাশা মজুরি ও দাম নির্ধারণে ভূমিকা রাখে। তাছাড়া মজুরি বৃদ্ধি পাওয়াও মূল্যস্ফীতি বাড়ায়।

    জার্মান কেন্দ্রীয় ব্যাংক বুন্ডেসব্যাংকের সাবেক প্রেসিডেন্ট কার্ল অটো পোল বলেছিলেন, মূল্যস্ফীতি টুথপেস্টের মতো। একবার টিউব থেকে বের হলে টুথপেস্ট প্রায় আর ফেরানো যায় না। সুতরাং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নির্ভর করে সরকারের সদিচ্ছা ও নীতির ওপর।  

    বেতন বাড়ানো নাকি মূল্যস্ফীতি কমানো, কোনটি কার্যকর?

    মূল্যস্ফীতির চাপে মানুষের প্রকৃত আয় কমে গেলে বেতন বাড়ানো জরুরি হয়ে পড়ে। কিন্তু শুধু বেতন বাড়িয়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। কারণ বেতন বাড়ানো হলে চাহিদা আরও বাড়তে পারে, যা নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি করতে পারে।

    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদও ২০২৫ সালে প্রকাশিত এক বিশ্লেষণে বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির জন্য বছরে ৩ থেকে ৪ শতাংশ মূল্যস্ফীতিকে গ্রহণযোগ্য ও প্রবৃদ্ধির সহায়ক মাত্রা হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক উভয়ের দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির লক্ষ্য ২ শতাংশ। 

    জিম্বাবুয়েতে অতিমূল্যস্ফীতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ২০০৮ সালের নভেম্বরে মাসিক মূল্যস্ফীতির হার প্রায় ৭৬ বিলিয়ন শতাংশে পৌঁছায়। বাজারে চালু হয় ১০০ ট্রিলিয়ন জিম্বাবুয়ে ডলারের নোটও। শেষ পর্যন্ত ২০০৯ সালে দেশটি নিজস্ব মুদ্রার ব্যবহার পরিত্যাগ করে বিদেশি মুদ্রার ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

    জার্মানিতে প্রথম বিশ্বযুদ্ধের পর অতিরিক্ত সরকারি ঋণ, কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অর্থের জোগান বৃদ্ধি এবং উৎপাদন সংকটের কারণে ভয়াবহ অতিমূল্যস্ফীতি দেখা দেয়। ১৯২৩ সালের নভেম্বরে একটি রুটির দাম ২০০ বিলিয়ন মার্ক ছাড়িয়ে যায়। মানুষ বস্তা ও ঠেলাগাড়িতে করে টাকা নিয়ে বাজারে যেত। শেষ পর্যন্ত পুরোনো মুদ্রার পরিবর্তে রেন্টেনমার্ক চালু করে মুদ্রা সংস্কার করা হয়। তাই অর্থনীতির স্থিতিশীলতা ও মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।

    মূল্যস্ফীতি থেকে বাঁচতে লক্ষ্য ও উপায়

    মূল্যস্ফীতি কমিয়ে ২০২৬-২৭ অর্থবছরে ৭ দশমিক ৫ শতাংশ এবং ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় এবং বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

    পাশাপাশি সাতটি ক্ষেত্রে কর ও শুল্ক কমানো, আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর শুল্কছাড়, খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চালু রাখা এবং কম দামে চাল সরবরাহের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে বড় বাজেট বাস্তবায়ন এবং সরকারের ঋণ গ্রহণের চাহিদা বাড়তে থাকলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টায় নতুন চাপ তৈরি হতে পারে।

    তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডও মূল্যস্ফীতিকে দেশের ‘জনগণের এক নম্বর শত্রু’ বলে অভিহিত করেছেন।

    তাই মূল্যস্ফীতি শুধু বাংলাদেশের একার সমস্যা নয়; এটি বিশ্বের প্রায় সব অর্থনীতির জন্যই একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু মুদ্রানীতি (Monetary Policy) নয়, রাজস্বনীতিতে (Fiscal Policy)  কার্যকর পরিবর্তন আনতে হবে।

    তার সাথে শুধু সুদের হার বাড়ানো কিংবা আমদানি সহজ করাই যথেষ্ট নয়। এর জন্য উৎপাদন বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা সব ক্ষেত্রেই সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপ সামলাতে মানুষের আয় ও ক্রয়ক্ষমতা ধরে রাখার ব্যবস্থাও জরুরি। কারণ শেষ পর্যন্ত অর্থনীতির স্থিতিশীলতার সুফল তখনই সাধারণ মানুষের কাছে পৌঁছাবে, যখন মানুষের আয় দিয়ে ন্যূনতম জীবনযাত্রার ব্যয় মেটানো সম্ভব হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ১০ বছরে বিদেশি ঋণ বেড়েছে ৭৫ বিলিয়ন ডলার

    নভেম্বর 16, 2026
    বাণিজ্য

    ব্যয় বাড়লেও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে আশাবাদী ৯১% বাংলাদেশি প্রতিষ্ঠান

    নভেম্বর 16, 2026
    অর্থনীতি

    এডিপির উন্নয়ন কর্মসূচিতে রেকর্ড ধস, চার মাসে ব্যয় মাত্র ৬.৫৩ শতাংশ

    নভেম্বর 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.