দেশ ছেড়ে যাওয়ার যে মানসিকতা ও পেছনের বিষয়গুলো আমরা কেন খেয়াল রাখছি না?
যারা অভ্যুত্থান ঘটালেন তাদের অভিপ্রায়গুলো সেভাবে সামনে আসছে না। যুবদের জন্য আত্মমর্যাদাসম্পন্ন কর্মসংস্থান প্রয়োজন। শিক্ষাগত দক্ষতা প্রয়োগের সুযোগ থাকতে হবে। দেখা যাচ্ছে, ইতিহাস পড়ে কেউ ব্যাংকে, ইঞ্জিনিয়ার হয়ে প্রশাসনে আবার ডাক্তার হয়ে বাংলাদেশ ব্যাংকে চাকরি করছে। ফলে সে শিক্ষাগত দক্ষতা প্রয়োগের সুযোগ পাচ্ছে না। সেই সুযোগ দিতে হবে।
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তরুণদের আগামী ১০ বা ২০ বছরে কোথায় দেখতে কিংবা নিতে চায় তার পরিষ্কার ঘোষণা থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটির (জিএফএফ) কান্ট্রি কো-অর্ডিনেটর নন্দিনী লোপা। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে আজ রোববার (১০ আগস্ট) রাজধানীর এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
নন্দিনী লোপা বলেন, তরুণদের আমরা কী প্রতিশ্রুতি দিচ্ছি সেটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, তারা জানে তারা দেশের কাছে কী চায়। দেশের শিক্ষাব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি কেমন হওয়া উচিত তারা সেটি জানে। কিন্তু রাষ্ট্র কি তাদের আকাঙ্ক্ষা বুঝতে পারছে? তার আকাঙ্ক্ষাকে কতটুকু গুরুত্ব দেয়া হচ্ছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। মেধাবী তরুণরা বলেন, তারা দেশে থাকবেন না। সুযোগ পেলে বাইরে চলে যাবেন এবং যাচ্ছেও। দেশ ছেড়ে যাওয়ার যে মানসিকতা ও পেছনের বিষয়গুলো আমরা কেন খেয়াল রাখছি না? দেশে তাদের ধরে রাখার উদ্যোগও দেখা যাচ্ছে না।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে তরুণরা। সেই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল সেগুলো সামনে আসছে না। সবাই জুলাইয়ে নিহত-আহতদের বিষয়ে বলছেন। তাদের জন্য নানা পদক্ষেপ নেয়া হচ্ছে, আমি এটির বিরোধিতা করছি না। কিন্তু যারা অভ্যুত্থান ঘটালেন তাদের অভিপ্রায়গুলো সেভাবে সামনে আসছে না। যুবদের জন্য আত্মমর্যাদাসম্পন্ন কর্মসংস্থান প্রয়োজন। শিক্ষাগত দক্ষতা প্রয়োগের সুযোগ থাকতে হবে। দেখা যাচ্ছে, ইতিহাস পড়ে কেউ ব্যাংকে, ইঞ্জিনিয়ার হয়ে প্রশাসনে আবার ডাক্তার হয়ে বাংলাদেশ ব্যাংকে চাকরি করছে। ফলে সে শিক্ষাগত দক্ষতা প্রয়োগের সুযোগ পাচ্ছে না। সেই সুযোগ দিতে হবে।
পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। এতে যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকটি যৌথভাবে আয়োজন করেছে সংবাদমাধ্যম বণিক বার্তা ও পিএসটিসি। এর সহযোগিতায় ছিলেন ইন্টারন্যাশনাল প্ল্যানড প্যারেন্টহুড ফেডারেশনের (আইপিপিএফ) সাউথ এশিয়ান অঞ্চল ও টেরে ডেস হোমস, নেদারল্যান্ডস।

