নারীর স্বাধীনতা ও অধিকার বলতে বোঝায় এমন একটি সমাজব্যবস্থা, যেখানে লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করে নারীদের শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা, ভোটাধিকার এবং নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হয়।
এটি কেবল একটি সামাজিক দাবি নয়, বরং মানবাধিকারের মৌলিক ও অবিচ্ছেদ্য অংশ, যা একটি সমাজের মানসিক পরিপক্বতা ও প্রকৃত সমতার প্রতিফলন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সংবিধান ও আইনি কাঠামোর মাধ্যমে নারীর মর্যাদা রক্ষা এবং সমান সুযোগ নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর মূল লক্ষ্য হলো এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা, যেখানে নারী ও পুরুষ সমান অধিকার ও সম্মানের ভিত্তিতে এগিয়ে যেতে পারে।
একবিংশ শতাব্দীতে এসে নারীর স্বাধীনতা ও অধিকার আরও বিস্তৃত ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এটি কেবল সামাজিক ন্যায়বিচারের প্রশ্ন নয়, বরং রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির গুরুত্বপূর্ণ সূচক। প্রযুক্তি, শিক্ষা ও অর্থনীতির দ্রুত পরিবর্তনের এই সময়ে নারীরা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি দৃশ্যমান ও সক্রিয় ভূমিকা পালন করছেন। তবুও বাস্তবতায় স্বাধীনতার ধারণা এখনও অনেক ক্ষেত্রেই সীমিত এবং অধিকারের পূর্ণ বাস্তবায়ন অসম্পূর্ণ।
বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর অগ্রগতি যেমন আশাব্যঞ্জক, তেমনি বিদ্যমান চ্যালেঞ্জগুলোও গভীর। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণে উল্লেখযোগ্য উন্নতি সত্ত্বেও বৈষম্য, সহিংসতা এবং নানা সামাজিক প্রতিবন্ধকতা নারীর পূর্ণ বিকাশকে বাধাগ্রস্ত করছে। ফলে প্রশ্ন উঠে—নারীর প্রকৃত স্বাধীনতা কি সত্যিই অর্জিত হয়েছে, নাকি এটি এখনো প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ?
নারীর প্রধান অধিকারসমূহ মূলতঃ এমন কিছু মৌলিক ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যা একজন নারীকে আত্মনির্ভরশীল, সম্মানিত ও নিরাপদ জীবন যাপনের সুযোগ করে দেয়। শিক্ষার অধিকার অন্যতম গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষা একজন নারীকে জ্ঞান, সচেতনতা এবং নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করে। অর্থনৈতিক স্বাধীনতা নারীর ক্ষমতায়নের মূল ভিত্তি, যেখানে তিনি উপযুক্ত কর্মপরিবেশে কাজ করার সুযোগ, সমান কাজের জন্য সমান মজুরি এবং নিজের উপার্জিত অর্থ ও সম্পত্তির ওপর পূর্ণ অধিকার ভোগ করতে পারেন।
নারীর অধিকার আরও বিস্তৃত ও বহুমাত্রিক রূপ নিয়েছে। রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা এবং আইনের দৃষ্টিতে সমান আশ্রয় লাভ করা এখন মৌলিক দাবি। নারীরা যেন বৈষম্যহীনভাবে মানসম্মত শিক্ষা গ্রহণ ও গবেষণায় অংশ নিতে পারেন, সেটিও গুরুত্বপূর্ণ। রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রেও নারীর সক্রিয় অংশগ্রহণ—ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনে অংশগ্রহণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত হওয়া—একটি গণতান্ত্রিক সমাজের অপরিহার্য অংশ।
পারিবারিক ও সামাজিক জীবনে নারীর অধিকারও সমানভাবে গুরুত্বপূর্ণ। নিজের পছন্দ অনুযায়ী বিয়ে, বিবাহবিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্ব এবং পরিবারে মত প্রকাশের স্বাধীনতা একজন নারীর ব্যক্তিগত মর্যাদা ও স্বাধীনতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। একই সঙ্গে স্বাস্থ্যসেবা, বিশেষ করে প্রজনন স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার, নারীর সুস্থ ও নিরাপদ জীবনের জন্য অপরিহার্য।
নিরাপত্তার বিষয়টি নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবার, কর্মক্ষেত্র কিংবা জনসমাগমস্থল—সব জায়গায় নারীর সহিংসতা, যৌন নিপীড়ন ও যেকোনো ধরনের নির্যাতন থেকে মুক্ত থাকার অধিকার নিশ্চিত করা আবশ্যক।
বাংলাদেশের প্রেক্ষাপটে নারী অধিকারের কিছু বিশেষ দিকও গুরুত্ব পাচ্ছে। পরিবার ও উত্তরাধিকার সূত্রে সমান সম্পত্তির অধিকার নিশ্চিত করা, বিবাহ ও তালাকের নিবন্ধন প্রক্রিয়া আরও কঠোর করা এবং রাষ্ট্রীয় পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে সংরক্ষিত আসন বৃদ্ধির মতো উদ্যোগগুলো নিয়ে আলোচনা ও সুপারিশ চলমান রয়েছে। এসব পদক্ষেপের মূল লক্ষ্য হলো এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে নারীরা কেবল আইনি স্বীকৃতিই নয়, বাস্তব জীবনেও সমান অধিকার ও মর্যাদা ভোগ করতে পারেন।
নব্বইয়ের দশক থেকে পরবর্তী সময়ে বাংলাদেশ ধীরে ধীরে গণতান্ত্রিক কাঠামোর দিকে অগ্রসর হয়। নারী ও শিশুর উন্নয়নকে কেন্দ্র করে সরকারি পর্যায়ে নানা গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়। তখন মরহুমা খালেদা জিয়ার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের লক্ষ্যে কার্যকর নীতিমালা প্রণয়ন করা হয়। এর ফলে দেশের প্রান্তিক অঞ্চলের নারীরা শিক্ষার সুযোগ পেতে শুরু করে এবং ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বৃদ্ধি পায়।
প্রধান দু’টি উদ্যোগ ছিল—শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে মেয়েশিশুদের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বৃত্তি ও প্রণোদনা দেওয়া এবং তৈরি পোশাক শিল্পে নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। রেডিমেড গার্মেন্টস খাত নারীদের কর্মজীবনে নতুন দিগন্ত উন্মোচন করে এবং পরবর্তীতে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়।
নারীর অগ্রযাত্রা এখন কেবল সম্ভাবনার গল্প নয়, বাস্তবতার শক্তিশালী প্রতিচ্ছবি। শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং করপোরেট খাতে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের উচ্চপদ, পুলিশ বাহিনী, সাংবাদিকতা, ব্যাংকিং খাত থেকে উদ্যোক্তা হিসেবে নারীরা দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে পুরুষের সমকক্ষ হয়ে কাজ করছেন। স্থানীয় সরকার থেকে জাতীয় পর্যায় পর্যন্ত রাজনৈতিক নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর সক্রিয় অংশগ্রহণ দৃশ্যমান।
শিক্ষাক্ষেত্রে নারীর অগ্রগতি কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়িয়েছে, যা তাঁদের অর্থনৈতিক স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যাংকিং, করপোরেট, সাংবাদিকতা, ফটোগ্রাফি এবং এনজিওর মাঠপর্যায়ে নারীর উপস্থিতি বিস্তৃত হচ্ছে। প্রশাসনিক ক্ষেত্রেও সচিব, জেলা পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
উদ্যোক্তা হিসেবেও নারীর উত্থান লক্ষণীয়। শুধু শহর নয়, মফস্বল নারীরাও ব্যবসা ও বিভিন্ন পেশায় যুক্ত হয়ে স্বাবলম্বী। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে; পুলিশ ও সামরিক বাহিনীতে তাদের উপস্থিতি নারীর সক্ষমতা ও আত্মবিশ্বাসের নতুন দিগন্ত উন্মোচন করছে।
জাতীয় অর্থনীতিতে নারীর অবদানও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে দেখা যায়, ২০২১ সালে গৃহস্থালি ও যত্নমূলক অবৈতনিক কাজের মোট মূল্য ছিল প্রায় ছয় লাখ ৭০ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় ১৯ শতাংশ। এর মধ্যে নারীর অবদান প্রায় ৮৫ শতাংশ। ঘরের ভেতরে প্রতিদিন নারীরা যে শ্রম দিচ্ছেন—রান্না, গৃহস্থালি কাজ, শিশু ও প্রবীণের যত্ন—তা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।
জাতীয় বাজেটে যত্ন খাতকে অগ্রাধিকার দেওয়া, পরিবারবান্ধব কর্মনীতি প্রণয়ন, যত্নভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদার করা এখন সময়ের দাবি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নারীর অবদান আরও দৃশ্যমান হবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব হব।
ডিজিটাল যুগে নারীর অংশগ্রহণ যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তেমনি এর সঙ্গে যুক্ত হয়েছে একাধিক নতুন ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ। অনলাইন প্ল্যাটফর্মে অনেক নারীই ব্যক্তিগত ছবি বা তথ্য চুরির শিকার হচ্ছেন, তাদের নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি হচ্ছে এবং আপত্তিকর মন্তব্য বা হুমকির মুখোমুখি হচ্ছেন। সাইবার বুলিং ও ব্ল্যাকমেইলের কারণে অনেক নারী বাধ্য হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে ‘ডিপফেক’ প্রযুক্তির মাধ্যমে নারীদের ছবি বা ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঘটনাও উদ্বেগজনক। প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রেও নারীরা নানা সমস্যার সম্মুখীন; ই-কমার্স বা ফ্রিল্যান্সিংয়ের মতো ক্ষেত্রে পর্যাপ্ত ডিজিটাল ও সাইবার নিরাপত্তার জ্ঞান না থাকায় অনেক নারী প্রতারণার শিকার হচ্ছেন। ফলে প্রযুক্তির সুযোগ কাজে লাগাতে হলে নিরাপত্তা ও সচেতনতা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।
বাস্তব জীবনের ক্ষেত্রেও নারীর অবস্থার কঠিন বাস্তবতা রয়েছে। একদিকে তারা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন, অন্যদিকে প্রান্তিক ও শহুরে উভয় এলাকায় নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং পারিবারিক সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সমাজে পুরুষতান্ত্রিক মানসিকতা, বাল্যবিবাহ ও যৌতুক প্রথা নারীর শিক্ষা ও কর্মসংস্থানের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক পরিবারে এখনও নারীর ভূমিকা সীমিত দেখার প্রবণতা বিদ্যমান।
নিরাপত্তার দিকেও পরিস্থিতি উদ্বেগজনক। ঘরের ভেতর থেকে শুরু করে কর্মক্ষেত্র ও জনসমাগমস্থল—সব জায়গায় নারীরা বিভিন্ন ধরনের সহিংসতা, যৌন হয়রানি ও নির্যাতনের ঝুঁকিতে রয়েছেন। এসব ঘটনার পুনরাবৃত্তি শুধু ব্যক্তিগত জীবনে নয়, সমাজে নারীর অংশগ্রহণকেও নিরুৎসাহিত করে। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেও বৈষম্য দূর হয়নি; অনেক অঞ্চলে কন্যাশিশু অবহেলার শিকার হয়, এমনকি খাদ্য ও যত্নের ক্ষেত্রেও বৈষম্য দেখা যায়। অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ না পাওয়া, সমকাজে সমবেতন না পাওয়া এবং সম্পত্তির ওপর অধিকার থেকে বঞ্চিত হওয়া এখনও বড় সমস্যা।
কর্মজীবী নারীরা পরিবার ও কাজ—উভয় দায়িত্ব সামলাতে গিয়ে মানসিক ও শারীরিক চাপের শিকার হচ্ছেন। এর সঙ্গে আইনের দুর্বল প্রয়োগ যুক্ত হলে তাদের নিরাপত্তা ও অধিকার আরও ঝুঁকির মধ্যে পড়ে। সাম্প্রতিক পরিসংখ্যানও ভয়াবহতার ইঙ্গিত দেয়। ২০২৪ সালে দেশে ধর্ষণের ঘটনা ছিল ৫১৬টি, যার মধ্যে শিশু ধর্ষণের সংখ্যা ২৭০। ২০২৫ সালে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮৬-এ, যার মধ্যে শিশু ধর্ষণের ঘটনা ৫৪৩। এক দশকে প্রায় ৫,৬০০ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ক্রমবর্ধমান সহিংসতা শুধু আইনশৃঙ্খলার দুর্বলতাকেই তুলে ধরে না, সমাজে নারীর অবস্থানকেও ঝুঁকির মুখে ফেলে।
বিশেষ করে গ্রামীণ ও দরিদ্র অঞ্চলে নিরাপত্তাহীনতা বাল্যবিবাহ ও স্কুল থেকে ঝরে পড়ার প্রবণতাকে বাড়াচ্ছে। এর ফলে নারীর অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে এবং অর্জিত সাফল্যও প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। রাজনৈতিক ইতিহাসে নারীর নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত থাকা সত্ত্বেও বর্তমান বাস্তবতায় অনেক ক্ষেত্রে নারী নেতৃত্বের জায়গা থেকে দূরে সরে যাচ্ছেন। একদিকে আমরা সমতা ও অন্তর্ভুক্তির কথা বলছি, অন্যদিকে সমাজের নানা স্তরে নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা অব্যাহত রয়েছে।
সব মিলিয়ে বলা যায়, নারীর অগ্রগতির ইতিবাচক চিত্রের পেছনে লুকিয়ে আছে কঠিন বাস্তবতা, যা মোকাবিলা না করলে টেকসই উন্নয়ন ও সমতার লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাই এখন সবচেয়ে জরুরি হলো—নারীর নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর ও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ।
নারীর স্বাধীনতা ও অধিকার কেবল সামাজিক ন্যায়ের প্রশ্ন নয়, বরং সমাজের উন্নয়ন, সমতা এবং মানবিক মূল্যবোধের প্রতিফলন। শিক্ষায় সুযোগ, অর্থনৈতিক স্বাবলম্বিতা, রাজনৈতিক অংশগ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করা মানে দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করা।
বাংলাদেশে নারীর অগ্রগতি স্পষ্ট হলেও বৈষম্য, সহিংসতা, সামাজিক বাধা এবং প্রযুক্তিগত ঝুঁকি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তাই শুধুমাত্র আইন প্রণয়ন বা নীতিমালায় সীমাবদ্ধ থাকা যথেষ্ট নয়; নারীর ক্ষমতায়ন, সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
নারীর অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে আমরা কেবল ন্যায়সংগত সমাজ গড়ে তুলব না, বরং অর্থনীতি, রাজনীতি এবং সংস্কৃতিতে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের পথ সুগম করব। নারীর অবদানকে স্বীকৃতি দিয়ে এবং তাদের সম্ভাবনা পূর্ণভাবে বাস্তবায়িত করে সমাজকে আরও শক্তিশালী, সমৃদ্ধ ও সমতার দিকে এগিয়ে নেওয়া সম্ভব।

