সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসার নীতিমালায় বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে প্রবেশ না করলে বা যাত্রার জন্য নিবন্ধন না করলে ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে। তবে নতুন এই পরিবর্তনের ফলে ভিসার মেয়াদে কোনো প্রভাব পড়ছে না। আগের মতোই সৌদি আরবে প্রবেশের পর থেকে ওমরাহ ভিসা ৯০ দিন পর্যন্ত বৈধ থাকবে এবং প্রবেশের দিনটিকেই প্রথম দিন হিসেবে গণনা করা হবে।
পূর্ববর্তী নিয়মে ওমরাহ ভিসা পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরবে প্রবেশের কোনো বাধ্যবাধকতা ছিল না। পরিবর্তনটি মূলত এখানেই এসেছে—এখন থেকে ৩০ দিনের মধ্যেই প্রবেশ বা নিবন্ধন বাধ্যতামূলক।
সৌদি গেজেট জানায়, ভিসা ইস্যুর পর ৩০ দিনের মধ্যে যদি কোনো ওমরাহযাত্রী সৌদি আরবে প্রবেশের জন্য নাম নিবন্ধন না করেন, তাহলে তার ভিসা বাতিল হয়ে যাবে। আল জাজিরা সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহ থেকেই নতুন নীতি কার্যকর হবে। তবে ওমরাহ ভিসার মোট মেয়াদ অপরিবর্তিত থাকবে।
ওমরাহ ও পর্যটনবিষয়ক জাতীয় কমিটির উপদেষ্টা আহমেদ বাজাঈফার আল আরাবিয়াকে বলেন, নতুন নীতিমালার লক্ষ্য হলো বাড়তি ভিড় মোকাবিলার প্রস্তুতি নেওয়া।
তিনি জানান, গ্রীষ্মকাল শেষ হওয়া এবং মক্কা-মদিনায় তাপমাত্রা কমার পর ওমরাহযাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মন্ত্রণালয় ধারণা করছে।
চলতি বছরের জুন মাসের শুরু থেকে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি বিদেশি নাগরিকের জন্য ওমরাহ ভিসা ইস্যু হয়েছে, যা সাম্প্রতিক বছরের তুলনায় নতুন রেকর্ড। মাত্র পাঁচ মাসেই বিদেশি ওমরাহযাত্রীর সংখ্যা বিগত বছরের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

