আজ রোববার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা হবে। ওই অঞ্চলে আজ রজব মাসের ২৯তম দিন চলছে। ইসলামী বর্ষপঞ্জিকার অষ্টম মাস শাবানের ১৫তম রাতে শবে বরাত পালিত হয়। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় আরব বিশ্বে এই রাত ঘিরে তেমন আনুষ্ঠানিক আয়োজন সাধারণত দেখা যায় না।
সংবাদমাধ্যম গালফ টুডে জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী আজ মধ্যপ্রাচ্যের কোথাও শাবান মাসের অর্ধচন্দ্র দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ফলে সোমবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার থেকে শাবান মাস শুরু হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ বলেন, আজ শাবানের চাঁদের জন্ম হলেও তা সূর্যাস্তের আগেই অস্ত যাবে। সে কারণে আজ কোনোভাবেই চাঁদ দেখা সম্ভব নয়। তবে সোমবার এটি খালি চোখে দেখা যেতে পারে।
তিনি আরো জানান, বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়া ও আলবেনিয়ায় সোমবার টেলিস্কোপের মাধ্যমে শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শাবান মাস শুরু হলে ১৫ শাবানের রাতে পালিত হবে শবে বরাত। সেই হিসাবে মধ্যপ্রাচ্যে শবে বরাত পালিত হবে আগামী ৩ ফেব্রুয়ারি রাতে। অন্যদিকে বাংলাদেশেও যদি সোমবার শাবানের চাঁদ দেখা যায় তাহলে একই রাতে শবে বরাত পালিত হবে। তবে চাঁদ দেখা না গেলে দেশে শবে বরাত অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি রাতে।

