চলতি রমজান মাসে ওমরাহ পালনকারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। পবিত্র মাসে মক্কার গ্র্যান্ড মসজিদে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হয়, বিশেষ করে শেষ দশ রাতে নামাজের আগে ও পরে ভিড় কয়েকগুণ বেড়ে যায়।
এ পরিস্থিতিতে নিরাপত্তা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মসজিদের বিভিন্ন প্রবেশপথে ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা চালু করা হয়েছে।
-
সবুজ সংকেত: ভেতরে জায়গা রয়েছে
-
লাল সংকেত: জায়গা পূর্ণ
মুসল্লিদের নির্ধারিত পথ ব্যবহার, সাইনবোর্ড অনুসরণ এবং নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মানার আহ্বান জানানো হয়েছে।
যানজট এড়াতে ব্যক্তিগত গাড়ি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বাস, ট্যাক্সি ও হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল এবং অনুমোদনহীন যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান এবং বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে।
শিশুদের ভিড়পূর্ণ এলাকায় না আনার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া পানিশূন্যতা এড়াতে নিয়মিত পানি পান, বিশ্রাম নেওয়া এবং অগ্নিনিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
ওমরাহ পালনকারীদের জন্য ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। ব্যক্তিগত জিনিসপত্র সুরক্ষিত রাখা এবং সময়সূচী মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে।
অস্ত্র বহন, ধূমপান, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত বেচাকেনা এবং চলাচলে বাধা দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের মতে, এই নির্দেশনাগুলোর উদ্দেশ্য হলো লক্ষ লক্ষ মুসল্লির জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন ইবাদতের পরিবেশ নিশ্চিত করা।
রমজানের পবিত্র আবহে যেন কোনো বিশৃঙ্খলা বা নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয়, সেজন্যই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

