মেয়াদ শেষ হওয়ায় পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। আজকের পর থেকে ফান্ডটি আর পুঁজিবাজারে তালিকাভুক্ত থাকবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) গত বছরের ১১ নভেম্বর একটি চিঠি পাঠায়। সেই চিঠির ভিত্তিতে ৫ মার্চ অনুষ্ঠিত ডিএসইর বৈঠকে ফান্ডটি তালিকাচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিটগুলো স্টক এক্সচেঞ্জের তালিকা থেকে বাদ দেওয়া হবে।
মেয়াদ শেষ হওয়ায় এর আগেই ফান্ডটির অবসায়ন অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
উল্লেখ্য, চলতি বছরের ১০ মার্চ ফান্ডটির নির্ধারিত মেয়াদ শেষ হয়। এর আগে ফান্ডটির মেয়াদ আরও ১০ বছর বাড়ানো এবং মেয়াদি ফান্ডকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের জন্য আবেদন করা হয়েছিল।
তবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর প্রযোজ্য শর্ত পূরণ করতে না পারায় এ আবেদনে সম্মতি দেয়নি বিএসইসি।
২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এই ফান্ডটির পরিশোধিত মূলধন ছিল ৬১ কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা। একই সময়ে পুঞ্জীভূত লোকসান দাঁড়ায় ১০ কোটি ৭৫ লাখ টাকা। ফান্ডটির মোট ইউনিট সংখ্যা ছিল ৬ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৫০।
ইউনিট মালিকানার হিসাবে দেখা যায়, এর ৩ দশমিক ২৪ শতাংশ ছিল উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ছিল ২৮ দশমিক ৭৬ শতাংশ। বিদেশি বিনিয়োগকারীদের কাছে ছিল দশমিক ২০ শতাংশ ইউনিট। আর বাকি ৬৭ দশমিক ৮০ শতাংশ ইউনিট ছিল সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

