দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি বড় অঙ্কের কর্পোরেট বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকার এই বন্ড অনুমোদন পায় গতকাল সোমবার অনুষ্ঠিত কমিশনের সভায়।
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বন্ড সম্পূর্ণ সুরক্ষিত (মর্টগেজ-সমর্থিত) এবং এটি নন-কনভার্টেবল ও পূর্ণাঙ্গভাবে পরিশোধযোগ্য হবে। বন্ডটির কোনো কুপন সুদ থাকবে না (জিরো-কুপন), তবে ৩ বছর মেয়াদে ১৩.৫০ শতাংশ হারে ডিসকাউন্ট নির্ধারণ করা হয়েছে।
বন্ডটি সরাসরি সাধারণ বিনিয়োগকারীদের জন্য নয়; বরং প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কর্পোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি (এইচএনআই), ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিমা কোম্পানির কাছে বিক্রি করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ টাকা। প্রাপ্ত অর্থ কোম্পানিটি মূলত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান ঋণ পরিশোধে ব্যবহার করবে বলে জানা গেছে। এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে থাকবে ব্র্যাক ব্যাংক পিএলসি। বন্ডটি পরবর্তীতে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হয়ে লেনদেনের সুযোগ পাবে।

