দুই প্রতিষ্ঠান—সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সাজিদা ফাউন্ডেশনের মোট ১,৪৫৮ কোটি ৫০ লাখ টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এর মধ্যে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ ১,৩০০ কোটি টাকার সিকিউরড জিরো কুপন বন্ড এবং সাজিদা ফাউন্ডেশন দেশের প্রথম ‘অরেঞ্জ বন্ড’ হিসেবে ১৫৮ কোটি ৫০ লাখ টাকার বন্ড ইস্যু করবে। উত্তোলিত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায় পরিশোধ এবং নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোসহ ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণে ব্যবহার করা হবে। গত সোমবার (৩০ মার্চ) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০৬তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিটি সুগার ইন্ডাস্ট্রিজের বন্ডটি তিন বছর মেয়াদি, শতভাগ সিকিউরড মর্টগেজ-ব্যাকড, নন-কনভার্টিবল ও ফুললি রিডিমেবল জিরো কুপন বন্ড। এর ডিসকাউন্ট রেট প্রায় ১৩.৫০ শতাংশ। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির কাছে বন্ডটি ইস্যু করা হবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১৩ লাখ টাকা। বন্ড থেকে প্রাপ্ত অর্থ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান দায় পরিশোধে ব্যয় করা হবে।
এ বন্ডের ট্রাস্টি হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে ব্র্যাক ব্যাংক পিএলসি দায়িত্ব পালন করবে। বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে। অন্যদিকে, সাজিদা ফাউন্ডেশনের ১৫৮ কোটি ৫০ লাখ টাকার ‘অরেঞ্জ বন্ড’ এক থেকে তিন বছর মেয়াদি, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল আনসিকিউরড জিরো কুপন বন্ড। এর ডিসকাউন্ট রেট ৭ থেকে ১১.৫০ শতাংশের মধ্যে নির্ধারিত হয়েছে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা।
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের কাছে এ বন্ড ইস্যু করা হবে। বন্ড থেকে সংগৃহীত অর্থ সাজিদা ফাউন্ডেশনের মাইক্রোফাইন্যান্স কার্যক্রম সম্প্রসারণে ব্যবহৃত হবে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নে।
এ বন্ডের অর্থ ব্যবহারে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ ‘সেকেন্ড পার্টি অপিনিয়ন’ প্রদান করেছে। বন্ডটির ট্রাস্টি হিসেবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড কাজ করবে। এটিও অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

