সরকারের পুঁজিবাজার ও বিনিয়োগ কার্যক্রমে সহায়তা দিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তানভীর গনি। এ পদে তিনি প্রতিমন্ত্রীর সমমর্যাদা ভোগ করবেন। শুক্রবার (৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, তিনি বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা প্রতিমন্ত্রীর মতোই পাবেন।
তানভীর গনির দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা রয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ ও অর্থনীতির বিভিন্ন খাতে। সর্বশেষ তিনি হংকংভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ‘ওসিরিস গ্রুপ’-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি এশিয়ার বড় বিনিয়োগ তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্ট’-এর নেতৃত্বে ছিলেন, যেখানে প্রায় ৮ বিলিয়ন ডলারের সম্পদ পরিচালিত হতো।
তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি অংশ কেটেছে বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসে, যেখানে তিনি হেজ ও প্রাইভেট ইকুইটি পরামর্শ বিভাগে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করেন। কর্মজীবনের শুরুতে তিনি ওয়েলস ফারগোতে করপোরেট ও কমার্শিয়াল ব্যাংকিং খাতে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তানভীর গনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অ্যাডভাইজরি বোর্ডের একজন সদস্য হিসেবেও যুক্ত আছেন।

