শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি ব্যাংকের বন্ডে বিনিয়োগের সুযোগ আরও বাড়ানো হয়েছে। যমুনা ব্যাংক পিএলসি ও ট্রাস্ট ব্যাংক পিএলসির পৃথক দুটি সাবঅর্ডিনেটেড বন্ডে আবেদন জমা দেওয়ার সময়সীমা শেষবারের মতো ছয় মাস বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে হওয়া ১০০৭তম সভা শেষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিনিয়োগকারীরা এখন আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ড দুটির ইউনিট কিনতে আবেদন করতে পারবেন। এর ফলে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক—সব শ্রেণির বিনিয়োগকারীর জন্য সময়সীমা আরও বাড়ল।
বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম জানিয়েছেন, যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড এবং ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড ‘ভি ট্রিপল আই’ বন্ড—উভয় ক্ষেত্রেই এই সময় বাড়ানো হয়েছে। দুটি বন্ডই আনসিকিউরড, নন-কনভার্টেবল, পূর্ণ পরিশোধিত ও সম্পূর্ণ রিডিমেবল, এবং ফ্লোটিং সুদহারভিত্তিক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সময়সীমা বাড়ানো ছাড়া বন্ড দুটির আগের সব শর্ত অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, বিনিয়োগের কাঠামো ও অন্যান্য শর্তে কোনো পরিবর্তন আনা হয়নি।
এই সিদ্ধান্তে বিনিয়োগকারীরা অতিরিক্ত সময় পেয়ে বন্ডে অংশগ্রহণের সুযোগ বাড়ালেও, এটি শেষবারের মতো সময় বৃদ্ধি—এ বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছে নিয়ন্ত্রক সংস্থা।

