পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি-এর ১ হাজার ২০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাবে সম্মতি দিয়েছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে অনুষ্ঠিত ১০০৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিএসইসি সূত্র জানিয়েছে, অনুমোদিত বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, সম্পূর্ণ পরিশোধিত এবং নির্দিষ্ট মেয়াদ শেষে ফেরতযোগ্য। এটি কুপনভিত্তিক সাবঅর্ডিনেটেড বন্ড, যার মেয়াদ নির্ধারণ করা হয়েছে সাত বছর। কুপন হার নির্ধারিত হবে একটি বেঞ্চমার্ক রেটের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ মার্জিন যোগ করে।
সংস্থাটির মুখপাত্র মো. আবুল কালাম জানিয়েছেন, বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বাজারে আনা হবে। সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে থাকবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা, উচ্চ সম্পদশালী ব্যক্তি এবং মিউচুয়াল ফান্ড।
প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। বন্ড থেকে সংগৃহীত অর্থ ব্যাংকটি কর্পোরেট, খুচরা (রিটেইল) এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে ঋণ বিতরণে ব্যবহার করবে।
এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। আর যৌথ অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড এবং আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
পুঁজিবাজারে লেনদেনের সুবিধার্থে বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত করার শর্তে এই অনুমোদন দেওয়া হয়েছে।

