চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) গুরুত্বপূর্ণ সূচক সিএসই-৫০-এ নতুন সমন্বয় আনা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে এই পরিবর্তন করা হয়। আগামী ২২ এপ্রিল থেকে নতুন এই কাঠামো কার্যকর হবে বলে জানিয়েছে সিএসই।
নতুন সমন্বয়ে সূচকে তিনটি কোম্পানি যুক্ত করা হয়েছে। এগুলো হলো অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি। একই সঙ্গে সূচক থেকে তিনটি কোম্পানি বাদ দেওয়া হয়েছে—এবি ব্যাংক পিএলসি, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
পরিবর্তনের পর সিএসই-৫০ সূচকে মোট ৫০টি কোম্পানিই অন্তর্ভুক্ত থাকছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ব্যাংক, জ্বালানি ও বিদ্যুৎ খাত, ওষুধ, টেলিকম, বীমা এবং বড় শিল্পপ্রতিষ্ঠান। সূচকটি বাজারের তুলনামূলক স্থিতিশীল ও শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রতিনিধিত্ব করে।
সিএসইর তথ্য অনুযায়ী, এই ৫০টি কোম্পানি এক্সচেঞ্জে তালিকাভুক্ত মোট কোম্পানির বাজার মূলধনের প্রায় ৭৪.৬৮ শতাংশ নিয়ন্ত্রণ করে। ফ্রি-ফ্লোট বাজার মূলধনের অংশ প্রায় ৭৩.৫৭ শতাংশ। পাশাপাশি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে দৈনিক গড় লেনদেনের প্রায় ৩৪.৭৪ শতাংশও এই সূচকের অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে হয়েছে।

