পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির মধ্যে চারটির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয় বেড়েছে। তবে আলোচ্য প্রান্তিকে তিন কোম্পানি লোকসানে রয়েছে। আর বেস্ট হোল্ডিংস লিমিটেড এখনও প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।
প্রথম প্রান্তিকে আয় বাড়লেও বাংলাদেশের এই খাতের কোম্পানিগুলোর ফলাফলে মিশ্র চিত্র দেখা গেছে। বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড, দ্য পেনিনসুলা চিটাগং পিএলসি, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির আয় বেড়েছে। তবে ইউনিক হোটেল ছাড়া বাকি তিন কোম্পানি লোকসানে রয়েছে।
বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড:
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে আয় হয়েছে ৩৯ কোটি ৪৬ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২২ কোটি ৭৪ লাখ টাকা। আয় বেড়েছে ৭৩.৪৫ শতাংশ। তবে কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ২৪ কোটি ২৯ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৯ কোটি ৯৪ লাখ টাকা। শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২.৪৮ টাকা, আগের বছরের একই সময়ে ছিল ৩.০৬ টাকা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস (পুনর্মূল্যায়িত) ২১৭.২৬ টাকা।
পেনিনসুলা চিটাগং পিএলসি:
প্রথম প্রান্তিকে আয় হয়েছে ১০ কোটি ৩৭ লাখ টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল ৬ কোটি ৪৬ লাখ টাকা। আয় বেড়েছে ৬০.৬৮ শতাংশ। নিট লোকসান হয়েছে মাত্র ১৪ লাখ টাকা, আগের বছরে ছিল ৩ কোটি ৬৯ লাখ টাকা। শেয়ারপ্রতি লোকসান ১ পয়সা, আগের বছরের ৩১ পয়সার তুলনায় কম। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে এনএভিপিএস ২৭.৮৯ টাকা।
সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড:
চলতি প্রান্তিকে পরিচালন আয় হয়েছে ১৭ কোটি ৩৪ লাখ টাকা, আগের বছরের একই সময়ে ৯ কোটি ৫৭ লাখ টাকা। আয় বেড়েছে ৮১.২৫ শতাংশ। নিট লোকসান হয়েছে ১০ কোটি ১৪ লাখ টাকা, আগের বছরের ১২ কোটি ৭৩ লাখ টাকার তুলনায় কমেছে। শেয়ারপ্রতি লোকসান ৮৪ পয়সা, আগের বছরের ১.০৫ টাকা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে এনএভিপিএস ১৬.৪৬ টাকা।
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি:
প্রথম প্রান্তিকে আয় হয়েছে ৭৩ কোটি ২৯ লাখ টাকা, যা আগের বছরের ৪৪ কোটি ৭ লাখ টাকার তুলনায় ৬৬.৩১ শতাংশ বেড়েছে। নিট মুনাফা হয়েছে ৪০ কোটি ১৭ লাখ টাকা, আগের বছরের ১২ কোটি ৯৮ লাখ টাকার তুলনায়। শেয়ারপ্রতি আয় (EPS) ১.৩৬ টাকা, আগের বছরের ৪৪ পয়সার তুলনায় বেড়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে এনএভিপিএস ৯৪.৯৭ টাকা।

