সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশের পুঁজিবাজারে মেয়াদি মিউচুয়াল ফান্ড খাত প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি। বছরজুড়ে বাজারের চাপের প্রভাব পড়েছে এই খাতেও। বছর শেষে তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর মোট সম্পদমূল্য কমেছে প্রায় ৫০০ কোটি টাকা। ব্র্যাক ইপিএলের বার্ষিক বাজার পর্যালোচনায় এই তথ্য উঠে এসেছে।
পর্যালোচনার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষে মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৪১০ কোটি টাকায়। এর আগের বছর ২০২৪ সালের শেষে এই অঙ্ক ছিল ৪ হাজার ৮৮০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে মোট সম্পদমূল্য কমেছে ৪৭০ কোটি টাকা।
এদিকে ২০২৫ সালে মিউচুয়াল ফান্ড খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডকে বেমেয়াদি ফান্ডে রূপান্তর করা হচ্ছে। একই সঙ্গে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড অবসায়নের প্রক্রিয়ায় যাচ্ছে। নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালায় বলা হয়েছে, ভবিষ্যতে কোনো নতুন মেয়াদি ফান্ড গঠন করা যাবে না। বিদ্যমান কোনো ফান্ডের মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে না। পাশাপাশি কোনো মেয়াদি ফান্ডের বাজারমূল্য যদি ইস্যু মূল্য বা নিট সম্পদমূল্যের তুলনায় ২৫ শতাংশ কমে যায়, তাহলে সেটিকে বেমেয়াদি ফান্ডে রূপান্তর করা হবে।
ফান্ড ব্যবস্থাপকদের পারফরম্যান্স পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালে কেবল ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের নিট সম্পদমূল্য বেড়েছে। প্রতিষ্ঠানটির নিট সম্পদমূল্য বেড়েছে ১১ দশমিক ৪ শতাংশ। অন্য সব ফান্ড ব্যবস্থাপকের নিট সম্পদমূল্য কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের, যা ১৭ দশমিক ৩ শতাংশ। এছাড়া সিএপিএম অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের নিট সম্পদমূল্য কমেছে ৭ শতাংশ।
এইমস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের কমেছে ৬ দশমিক ৩ শতাংশ। এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের কমেছে ৪ দশমিক ৬ শতাংশ। ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের কমেছে ৩ দশমিক ৩ শতাংশ। এশিয়ান টাইগার অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের কমেছে ১ দশমিক ৯ শতাংশ। এসইএমএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের কমেছে ১ দশমিক ৫ শতাংশ এবং আইসিবি এএমসিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের নিট সম্পদমূল্য কমেছে ১ দশমিক ২ শতাংশ।
লেনদেন পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, ২০২৫ সালে সবচেয়ে বেশি ডিসকাউন্টে লেনদেন হয়েছে রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ফান্ডগুলোর। এগুলো গড়ে ৬২ দশমিক ৫ শতাংশ ডিসকাউন্টে লেনদেন হয়েছে। এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ফান্ডগুলো ৫৬ দশমিক ৫ শতাংশ ডিসকাউন্টে লেনদেন হয়। এসইএমএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ফান্ডে ডিসকাউন্ট ছিল ৩৮ দশমিক ৩ শতাংশ।
আইসিবি এএমসিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ছিল ৩৬ দশমিক ২ শতাংশ। ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ফান্ডগুলো ৩১ দশমিক ৭ শতাংশ ডিসকাউন্টে লেনদেন হয়। ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ২৭ দশমিক ৪ শতাংশ। এইমস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ১৫ দশমিক ২ শতাংশ। এশিয়ান টাইগার অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ৮ দশমিক ২ শতাংশ এবং সিএপিএম অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ফান্ডগুলো ঋণাত্মক ১০ দশমিক ১ শতাংশ ডিসকাউন্টে লেনদেন হয়েছে।
রিটার্নের হিসাবে ২০২৫ সালে ইতিবাচক পারফরম্যান্সের শীর্ষে ছিল ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটির রিটার্ন ছিল ৭৪ দশমিক ৪ শতাংশ। সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডে রিটার্ন এসেছে ৭০ দশমিক ৭ শতাংশ। ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের রিটার্ন ছিল ৩১ দশমিক ৫ শতাংশ। এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৩১ দশমিক ৩ শতাংশ। এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ১৭ দশমিক ২ শতাংশ। ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ১৪ দশমিক ৩ শতাংশ এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ২ দশমিক ১ শতাংশ ইতিবাচক রিটার্ন পাওয়া গেছে।
অন্যদিকে নেতিবাচক রিটার্নের শীর্ষে ছিল ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটির রিটার্ন ছিল ঋণাত্মক ৯ দশমিক ৩ শতাংশ। আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডে রিটার্ন কমেছে ৮ দশমিক ৭ শতাংশ এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডে কমেছে ৮ দশমিক ২ শতাংশ।
নিট সম্পদমূল্যের পৃথক বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের নিট সম্পদমূল্য সবচেয়ে বেশি বেড়েছে। বৃদ্ধির হার ছিল ১১ দশমিক ৪ শতাংশ। ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের নিট সম্পদমূল্য বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ। গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ। বিপরীতে গ্রামীণ ওয়ান: স্কিম টু মিউচুয়াল ফান্ড এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের নিট সম্পদমূল্য কমেছে ১ দশমিক ৯ শতাংশ করে। আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের কমেছে ১ শতাংশ এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের কমেছে দশমিক ৫ শতাংশ।

