তথ্যপ্রযুক্তি খাতের তালিকাভুক্ত কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। এরপর কোম্পানিটি ১৩ জানুয়ারি (মঙ্গলবার) লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পর্ষদের ঘোষণার ভিত্তিতে, সর্বশেষ হিসাব বছরে বিনিয়োগকারীরা মোট ১০ শতাংশ লভ্যাংশ পাবেন। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আগের বছর ২৩ নভেম্বর কোম্পানিটি শুধু নগদ লভ্যাংশের রেকর্ড ডেট ঘোষণা করেছিল।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুযায়ী, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিডিকম অনলাইনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা, যা আগের বছরের ৮৫ পয়সা (পুনর্মূল্যায়িত) ছিল। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৫৮ পয়সা।
চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানির ইপিএস ৩৫ পয়সা, আগের বছরের একই প্রান্তিকে যা ছিল ২৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে এনএভিপিএস ১৫ টাকা ৯৩ পয়সা।
এর আগে ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানি বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ওই বছর বিডিকম অনলাইনের ইপিএস ছিল ৮৯ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৩১ পয়সা।
বিডিকম অনলাইন ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২১ কোটি ৮৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৯৯ লাখ ৪০ হাজার ৮২৩। এর ৩০ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদের হাতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯.৯৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬০.০২ শতাংশ শেয়ার রয়েছে।

