দেশের উভয় পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দর কমেছে। তা সত্ত্বেও প্রধান সব সূচক বেড়েছে। সপ্তাহের শেষ দিনে লেনদেন কিছুটা কম হয়েছে।
বাজার বিশ্লেষণে জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি শেয়ার ও ইউনিটের মধ্যে ১২৬টির দর বেড়েছে, ১৮৩টির কমেছে এবং ৮২টির দাম অপরিবর্তিত রয়েছে।
অধিকাংশ শেয়ারের দর কমলেও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় প্রায় ৬ পয়েন্ট বেড়ে ৪,৯৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক দেড় পয়েন্ট বেড়ে ১,০১১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দেড় পয়েন্ট বেড়ে ১,৯১৫ পয়েন্টে পৌঁছেছে।
এদিন ডিএসইতে মোট ৪২৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই পরিমাণ ছিল ৪৬৫ কোটি ৬৮ লাখ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৮,৬৫২ পয়েন্টে অবস্থান নিয়েছে। এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে ১৩,৯৯৪ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ৮৬০ পয়েন্টে উঠেছে। সিএসই ৩০ সূচকও ৫৭ পয়েন্ট বাড়িয়ে ১২,৪৮৮ পয়েন্টে পৌঁছেছে।
সিএসইতে মোট ১৬৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৭টির দর বেড়েছে, ৭৯টির কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে। আজ লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি ৬৬ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ১২ কোটি ৮০ লাখ টাকার তুলনায় সামান্য কম।

