পুঁজিবাজার থেকে মোট ৭৫ কোটি টাকা উত্তোলনের জন্য তিনটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সারসংক্ষেপ অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রত্যেক ফান্ড পৃথকভাবে ২৫ কোটি টাকা সংগ্রহ করবে।
তিনটি ফান্ড হলো—মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড, মিডল্যান্ড ব্যাংক ব্যালেন্সড ফান্ড এবং সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৯২তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড ও মিডল্যান্ড ব্যাংক ব্যালেন্সড ফান্ডের মোট ৫০ কোটি টাকার মধ্যে উদ্যোক্তা মিডল্যান্ড ব্যাংক পিএলসি ২ কোটি ৫০ লাখ টাকা প্রদান করেছে। বাকি ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীর থেকে সংগ্রহ করা হবে। ফান্ড দুটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ড দুটির সম্পদ ব্যবস্থাপক মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, ট্রাস্টি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টিডিয়ান কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।
এদিকে সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের ২৫ কোটি টাকার মধ্যে উদ্যোক্তা সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড ২ কোটি ৫০ লাখ টাকা প্রদান করেছে। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীর থেকে উত্তোলন হবে। ফান্ডের প্রতিটি ইউনিটের মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফান্ডের সম্পদ ব্যবস্থাপক সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টিডিয়ান কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।

