দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স দেড় মাসের বেশি সময় পর আবার ৫ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। গতকাল ডিএসইএক্স বেড়েছে ১ দশমিক ৫৪ শতাংশ।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, লেনদেনের শুরু থেকেই সূচক ঊর্ধ্বমুখী ছিল। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ছিল ৪ হাজার ৯৫৯ পয়েন্ট। এর আগে গত বছরের ২৭ নভেম্বর ডিএসইএক্স ছিল ৫ হাজার ২৮ পয়েন্টে।
নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ একদিনের ব্যবধানে ২৬ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৯ পয়েন্টে উঠেছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৯১৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ১৩ দশমিক ৪৬ পয়েন্ট। দিন শেষে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ৯ পয়েন্টে, যা আগের কার্যদিবসে ছিল ৯৯৬ পয়েন্ট। গতকালের সূচক বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি ও গ্রামীণফোনের শেয়ার।
ডিএসইতে গতকাল মোট ৪৭৪ কোটি ৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন ছিল ৩৭৯ কোটি ৮০ লাখ টাকা। একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৪ দশমিক ৮৩ শতাংশ। গতকাল লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে ২৯০টির দর বেড়েছে। দর কমেছে ৪২টির। আর ৫৭টির দর অপরিবর্তিত ছিল।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, মোট লেনদেনের ১৯ দশমিক ৫ শতাংশ দখল করে শীর্ষে ছিল সাধারণ বীমা খাত। ব্যাংক খাতের দখলে ছিল ১৫ দশমিক ৩ শতাংশ। ওষুধ ও রসায়ন খাত ১৩ দশমিক ৭ শতাংশ নিয়ে তৃতীয় অবস্থানে ছিল। বস্ত্র খাতের অংশ ছিল ১০ দশমিক ৬ শতাংশ। খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে ছিল ৮ দশমিক ৭ শতাংশ লেনদেন।
গতকাল ডিএসইতে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন দেখা গেছে। এর মধ্যে সাধারণ বীমা খাতে সবচেয়ে বেশি ৩ দশমিক ৯ শতাংশ রিটার্ন এসেছে। সিমেন্ট খাতে রিটার্ন ছিল ২ দশমিক ৬ শতাংশ। ব্যাংক খাতে ২ দশমিক ১ শতাংশ। তথ্যপ্রযুক্তি খাতে ২ শতাংশ। খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১ দশমিক ৮ শতাংশ ইতিবাচক রিটার্ন দেখা গেছে।
অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও সূচক বেড়েছে। গতকাল সিএসইর নির্বাচিত কোম্পানির সূচক সিএসসিএক্স ১০৩ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭২৬ পয়েন্টে। সব শেয়ারের সূচক সিএএসপিআই বেড়েছে ১৬৫ দশমিক ৪০ পয়েন্ট। দিন শেষে সূচকটি দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৭ পয়েন্টে।
সিএসইতে গতকাল মোট ৭ কোটি ৪৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই লেনদেন ছিল ৬ কোটি ৭৩ লাখ টাকা।

