সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। মূল্যসূচকও নিম্নমুখী ছিল। একই সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে।
ডিএসইর মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। এতে বাজারের মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ দুটোই নেমে গেছে। ডিএসইতে লেনদেন শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম কমার তালিকায় চলে আসে। এতে সূচক ঋণাত্মক শুরু হয়। কিছু সময়ের জন্য দাম বাড়ার তালিকায় বড় প্রতিষ্ঠান আসায় সূচক সাময়িকভাবে কিছুটা বেড়ে যায়। কিন্তু লেনদেনের শেষ ঘণ্টায় বিক্রির চাপ বাড়ায় এক শ্রেণির বিনিয়োগকারী। এতে দাম বাড়ার তালিকা থেকে অনেক প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসে। ফলশ্রুতিতে দিনের শেষ পর্যায়ে সবকটি মূল্যসূচক কমে বন্ধ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ১০৭টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২২৫টির। ৬০টির দাম অপরিবর্তিত থাকে। ভালো কোম্পানি বা ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির শেয়ার দাম বেড়েছে। ১০৩টির দাম কমেছে এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে।
মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ১০টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ৬৩টির দাম কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে থাকা কোম্পানির মধ্যে ৩৫টির দাম বেড়েছে। ৫৯টির দাম কমেছে এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। মিউচুয়াল ফান্ডের মধ্যে ৭টির দাম বেড়েছে, ১৩টির দাম কমেছে এবং ১৪টির দাম অপরিবর্তিত আছে।
ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে ৫ হাজার ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৪৭ পয়েন্টে নেমেছে। সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি লেনদেনও কমেছে। রোববার লেনদেন হয়েছে ৫২৬ কোটি ৫০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৬ কোটি ১২ লাখ টাকা। ফলে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৯ কোটি ৬২ লাখ টাকা।
এ লেনদেনে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। ১৩ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে সোনালী পেপারের শেয়ার, লেনদেন ১৩ কোটি ৫১ লাখ টাকা। তৃতীয় স্থানে আনোয়ার গ্যালভানাইজিং, লেনদেন ১৩ কোটি ৩ লাখ টাকা। ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, সামিট এলায়েন্স পোর্ট, প্রগতি ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক এবং অ্যাপেক্স ইস্পিনিং।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট কমেছে। লেনদেনে অংশ নেওয়া ১৫৪ প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির দাম বেড়েছে। বিপরীতে ৭১টির দাম কমেছে এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ২৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন ছিল ১৪ কোটি ৪৭ লাখ টাকা।

