ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এ নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। তিনি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ডিএসই’র ১১০৯তম পরিচালনা পর্ষদ সভায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাঁর নিয়োগ অনুমোদন দেয়।
ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। স্নেহাশীষ বড়ুয়া একজন অভিজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং প্রতিষ্ঠিত কর্পোরেট পেশাজীবী। তিনি স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং (এসএমএসি)-এর প্রতিষ্ঠাতা ও ফাউন্ডিং পার্টনার। এছাড়া ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ফেলো সদস্য হিসেবেও পরিচিত।
দীর্ঘ পেশাগত জীবনে তিনি আর্থিক ব্যবস্থাপনা, কর্পোরেট ফাইন্যান্স, অডিট ও অ্যাসিওরেন্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ট্যাক্সেশন, বাজেট প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কর্পোরেট গভর্ন্যান্সসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। এর আগে তিনি সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং (ইউএইচওয়াই ইন্টারন্যাশনাল)-এ পার্টনার এবং রহমান রহমান হক (কেপিএমজি ইন্টারন্যাশনাল)-এ সিনিয়র ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গ্রামীণফোন লিমিটেড ও রবি এক্সিয়াটা লিমিটেডে ইন্টারনাল অডিট ম্যানেজার হিসেবেও কাজ করেছেন।
তিনি আইএফআরএস, ইউএস গ্যাপ এবং ট্রান্সফার প্রাইসিংয়ে দক্ষতা অর্জন করেছেন এবং জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী কার্যক্রমেও যুক্ত ছিলেন। বিশেষ করে ২০২২ সালে গঠিত আইটিএ ২০২৩ রিভিউ কমিটি এবং ২০২৫ সালের জাতীয় করকাঠামো টাস্কফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরিচালনা পর্ষদের সভায় ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম স্নেহাশীষ বড়ুয়ার যোগদানকে স্বাগত জানান। তিনি বলেন, “স্নেহাশীষ বড়ুয়া দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে দুই দশকের বেশি সময় ধরে হিসাবনিরীক্ষণ ও কর্পোরেট নেতৃত্বে সুপরিচিত। তাঁর অভিজ্ঞতা ও পেশাগত সততা ডিএসই’র কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।”
ডিএসই আশা করছে, স্বতন্ত্র পরিচালক হিসেবে স্নেহাশীষ বড়ুয়ার দক্ষতা ও নেতৃত্ব দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, সুশাসন এবং আর্থিক শৃঙ্খলা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

