দেশের পুঁজিবাজারে নতুন করে আলোচনায় এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। নিজের কোম্পানির এক কোটি শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে ব্লক মার্কেটের মাধ্যমে এই শেয়ার কিনবেন তিনি। বৃহস্পতিবারের বাজারদর অনুযায়ী এক কোটি শেয়ারের মূল্য প্রায় ১৫৫ কোটি টাকা।
বর্তমানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৯৯ লাখ। এর মধ্যে আজিজ মোহাম্মদ ভাইয়ের নামে রয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার ৭০৬টি শেয়ার, যা মোট শেয়ারের ১৬ দশমিক ৮৮ শতাংশ। নতুন করে এক কোটি শেয়ার কিনলে তাঁর মালিকানা বেড়ে প্রায় ২২ শতাংশে পৌঁছাবে।
কোম্পানিটির মালিকানায় পরিবারভিত্তিক প্রাধান্য রয়েছে। আজিজ মোহাম্মদ ভাই, তাঁর সন্তান, দুই বোন, ভাতিজা এবং পরিবারের অন্য সদস্যদের হাতে রয়েছে উল্লেখযোগ্য অংশ। পাশাপাশি বিদেশি বিনিয়োগ ফান্ডের নামে রয়েছে প্রায় ৩৩ শতাংশ শেয়ার।
বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই থাইল্যান্ডে বসবাস করছেন। সেখান থেকেই তিনি কোম্পানির কার্যক্রম তদারকি করেন। দেশে একসময় তিনি চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা মনে করছেন, চেয়ারম্যানের এই বিনিয়োগ সিদ্ধান্ত বাজারে ইতিবাচক বার্তা দিতে পারে।

