দেশের শেয়ারবাজার আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে। এ সময়ে কোনো লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম হবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগামী ১৮ মার্চ (বুধবার) সরকারি ছুটি হিসেবে ঘোষিত থাকায়, ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে মিলিয়ে এই দীর্ঘ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শেয়ারবাজার কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র রমজান ও ঈদ ছুটি শেষে অফিস ও লেনদেনের সময়সূচি আগের নিয়ম অনুযায়ী পুনরায় কার্যকর হবে। ডিএসই ও সিএসইর অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা। লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত, এবং পোস্ট ক্লোজিং সেশন চলবে দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত। এর ফলে ঈদ পরবর্তী ২৪ মার্চ থেকে উভয় স্টক এক্সচেঞ্জে নিয়মিত লেনদেন ও অফিস কার্যক্রম পুনরায় শুরু হবে।

