ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আইওয়ার গবেষকেরা। তারা ডিএনএ মেরামতের গুরুত্বপূর্ণ একটি প্রোটিন ‘আরএডি ৫২’-এর অপ্রত্যাশিত গঠন আবিষ্কার করেছেন, যা ক্যান্সার কোষ টিকে থাকতে সহায়তা করে। সূত্র: সিএনএন
প্রতিষ্ঠিত গবেষণা সাময়িকী নেচার-এ প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে, প্রোটিনটির এই নতুন গঠনভিত্তিক বৈশিষ্ট্যকে লক্ষ্য করে উদ্ভাবন করা যেতে পারে ক্যান্সার প্রতিরোধে কার্যকর নতুন প্রজন্মের ওষুধ।
গবেষণাটি নেতৃত্ব দেন ইউনিভার্সিটি অব আইওয়ার কারভার কলেজ অব মেডিসিন-এর অধ্যাপক মারিয়া স্পাইস। তিনি জানান, আরএডি ৫২ প্রোটিন দীর্ঘদিন ধরেই গবেষকদের দৃষ্টি আকর্ষণ করছিল, তবে এবার তার কাঠামোগত ব্যতিক্রমী গঠন শনাক্ত করার মাধ্যমে এটি ক্যান্সার চিকিৎসায় একটি সম্ভাবনাময় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
গবেষকদের মতে, আরএডি ৫২-কে বাধা দেওয়ার উপযোগী অণু (মলিকিউল) ক্যান্সার কোষকে ধ্বংস করতে সক্ষম। একইসঙ্গে এসব ওষুধ কেমোথেরাপির তুলনায় তুলনামূলকভাবে কম পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে বলেও প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
এই আবিষ্কার ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসাবিজ্ঞানের জন্য এক নতুন অধ্যায় উন্মোচন করতে পারে বলে আশাবাদী গবেষকরা।

