যুক্তরাষ্ট্রে চালকবিহীন ট্রাক আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক পণ্য পরিবহন শুরু করেছে। ডালাস থেকে হিউস্টন পর্যন্ত ১ হাজার ২০০ মাইল পথ পাড়ি দিয়ে এই প্রযুক্তির ট্রাক পণ্য পরিবহনের নতুন দিগন্তের সূচনা করেছে।
স্বচালিত ট্রাক প্রযুক্তি প্রতিষ্ঠান অরোরা ইনোভেশন বৃহস্পতিবার জানায়, তারা উবার ফ্রেইট ও হার্শবাক মোটর লাইনসের সঙ্গে যৌথভাবে চালকবিহীন ট্রাকের বাণিজ্যিক পরিষেবা চালু করেছে। এ দুটি প্রতিষ্ঠান সময় ও তাপমাত্রা সংবেদনশীল পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত।
অরোরা জানিয়েছে, চার বছরের পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে এই প্রযুক্তির মাধ্যমে ইতিমধ্যে ১০ হাজারেরও বেশি পণ্য সরবরাহ করা হয়েছে। তবে এবারই প্রথম চালক ছাড়াই দীর্ঘ দূরত্বে পণ্য পরিবহন করেছে তাদের ট্রাক।
এই স্বচালিত ট্রাকগুলোতে এমন উন্নত কম্পিউটার ও সেন্সর রয়েছে, যা একসঙ্গে চারটি ফুটবল মাঠের বেশি দূরত্ব পর্যন্ত দেখতে সক্ষম। এর ফলে দুর্ঘটনার আশঙ্কা কমে আসবে বলে প্রতিষ্ঠানটির দাবি।

অরোরা ইনোভেশনের সিইও ও সহপ্রতিষ্ঠাতা ক্রিস উর্মসন বলেন, “নিরাপদ, দ্রুত ও টেকসই স্বচালিত প্রযুক্তির সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করছি। আজ আমরা বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে উন্মুক্ত সড়কে চালকবিহীন ট্রাকে বাণিজ্যিক পণ্য পরিবহন সফলভাবে শুরু করেছি।”
চলতি বছরেই আরও ট্রাক যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ২০২৫ সালের মধ্যে এই পরিসর আরও বড় আকারে সম্প্রসারিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
তবে বিষয়টি ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি পরিবহন খাত সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই প্রেক্ষিতে অরোরা একটি বিস্তারিত নিরাপত্তা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ট্রাকের প্রযুক্তিগত সক্ষমতা, নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি তুলে ধরা হয়েছে।
অন্যদিকে, ট্রাকচালকদের সংগঠন ও শ্রমিক ইউনিয়নগুলো এই প্রযুক্তিকে মনুষ্যচালকদের জন্য হুমকি হিসেবে দেখছে। তাদের আশঙ্কা, এটি ব্যাপকভাবে চালু হলে কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

