জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
তবে তাকে ঠিক কোন মামলায় বা কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ডিবি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হঠাৎ ভোরের এই অভিযানে সাবেক স্পিকারের আটক হওয়া নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন। এরপর টানা দীর্ঘ সময় তিনি এই দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ৭ জানুয়ারির নির্বাচনের পর, যেখানে বিএনপি অংশ নেয়নি, আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকেই পুনরায় স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।
তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।

