বিশ্ব যখন গণহত্যাকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিয়েছে, তখন তার পরিণতিগুলোকেও স্বাভাবিক করে তুলেছে। অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের দেওয়া যৌথ বিবৃতি তারই প্রমাণ। গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও এই বিবৃতি থেকে স্পষ্ট হয়, গাজার ফিলিস্তিনিদের জীবন এখন যেন তাঁবুর সঙ্গেই অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে গেছে।
মূল বাস্তবতা হলো, আন্তর্জাতিক বিশ্ব এমন এক পরিস্থিতিকে স্বাভাবিক করে তুলেছে, যেখানে ফিলিস্তিনিদের ন্যূনতম মানবিক চাহিদার চেয়েও কম সুযোগ-সুবিধা মেনে নিতে বাধ্য করা হচ্ছে।
জাতিসংঘের একটি প্রতিবেদন অনুযায়ী, গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ৯ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি বন্যার ঝুঁকিতে রয়েছেন। তাঁদের মধ্যে ৪ লাখের বেশি মানুষকে উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দেইর আল-বালাহতে ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসে প্রাণহানির ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হওয়ার আগেই এই প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ায় সেখানকার মানুষের বঞ্চনা আরও গভীর হয়েছে। এমন পরিস্থিতিতে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় দেড় লাখ তাঁবু প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সীমান্তে আটকে থাকা চিকিৎসাসামগ্রী প্রবেশের সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।
কিন্তু যত তাঁবুই পাঠানো হোক না কেন, তা এই সংকটের সমাধান করতে পারবে না। পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে মানবিক সহায়তা প্রবেশের জরুরি প্রয়োজন বোঝাতে যত জোরালো বিশেষণই ব্যবহার করা হোক, তাতে বাস্তব পরিস্থিতির কোনো মৌলিক পরিবর্তন আসবে না।
বিবৃতিতে বলা হয়েছে, “তাই আমরা আজ ইসরায়েল সরকারকে অবিলম্বে বিলম্ব বন্ধ করার এবং গাজার সর্বত্র দ্রুত, তাৎক্ষণিক ও বাধাহীন মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তবে বাস্তবে এসব তাঁবুই জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আরেকটি মৃত্যুফাঁদ হয়ে উঠছে। তাঁবুগুলো পর্যাপ্ত আশ্রয় নিশ্চিত করতে পারছে না। ২০২৫ সালে প্রকাশিত প্যালেস্টাইন শেল্টার ক্লাস্টার-এর একটি প্রতিবেদনেও বলা হয়েছে, প্রবল বাতাস কিংবা ভারী বৃষ্টিপাতের পরিস্থিতিতে এসব তাঁবু উপযুক্ত আশ্রয় নাও হতে পারে।
এর পাশাপাশি বোমা হামলা, পরিবেশগত প্রতিকূলতা এবং দীর্ঘদিন ব্যবহারের কারণে তাঁবুগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে বিশ্বনেতারা যে ব্যবস্থাকে সমাধান হিসেবে তুলে ধরছেন, বাস্তবে তা তাঁদের বক্তব্যের চেয়েও অনেক বেশি অস্থায়ী।
চার দেশের পররাষ্ট্রমন্ত্রী গাজার বর্তমান পরিস্থিতিকে ‘সম্পূর্ণভাবে পরিবর্তনযোগ্য’ বলে বর্ণনা করেছেন। অথচ তাঁদের মানবিক সহায়তা-সংক্রান্ত দাবিগুলো কেবল সাময়িক সমাধানের মধ্যেই সীমাবদ্ধ। এসব অস্থায়ী ব্যবস্থা শেষ পর্যন্ত আরও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
আরও বেশি মৃত্যু, আরও বেশি রোগব্যাধি এবং আরও গভীর দারিদ্র্য—এসবই গাজা থেকে ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করার ইসরায়েলি পরিকল্পনাকে সহায়তা করবে।
ইসরায়েলের গণহত্যা এবং তাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংশ্লিষ্টতা ইতিমধ্যে এমন এক পরিস্থিতি তৈরি করেছে, যেখানে নতুন করে ব্যাপক বোমা হামলা চালানো ছাড়াই জাতিগত নির্মূলের প্রক্রিয়া অব্যাহত রাখা সম্ভব হচ্ছে।
এখন আন্তর্জাতিক সম্প্রদায় গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধেই মানবিক সহায়তাকে কার্যত একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে ইসরায়েলের মতো সহায়তা আটকে রেখে নয়; বরং এমন অপর্যাপ্ত সহায়তা প্রবেশের দাবি জানিয়ে, যা পরোক্ষভাবে গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলের প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে পারে।
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের মহাসচিব ইয়ান এগেল্যান্ড এক বিবৃতিতে তুলে ধরেছেন, মানবিক সহায়তার দাবিগুলো কীভাবে ন্যূনতম প্রয়োজনের চেয়েও নিচে নেমে এসেছে।
তিনি বলেন, “আমরা এখন এমন পরিস্থিতিতে পৌঁছেছি, যেখানে সামান্য তাঁবুর জন্যও আমাদের অনুনয় করতে হচ্ছে।”
অথচ পর্যাপ্ত আশ্রয় হিসেবে তাঁবুর কার্যকারিতা অত্যন্ত সীমিত।
এগেল্যান্ড আরও বলেন, “মানুষকে তাঁদের নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানানোর পরিবর্তে আমরা এখন জনাকীর্ণ বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরগুলোতে খাল খনন এবং বন্যার পানি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য ভারী যন্ত্রপাতি চাইছি। কিন্তু শেষ পর্যন্ত আমাদের বালুভর্তি বস্তা নিয়েই সন্তুষ্ট থাকতে বাধ্য করা হচ্ছে।”
এগেল্যান্ডের বক্তব্য থেকে স্পষ্ট, মানবিক সহায়তার নামে যেসব প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেগুলো সংকটের প্রকৃত সমাধান দিতে ব্যর্থ হচ্ছে।
অন্যদিকে, চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে গাজার পরিস্থিতিকে ‘সম্পূর্ণভাবে পরিবর্তনযোগ্য’ বলে উল্লেখ করা হয়েছে। তাঁদের দাবি মূলত সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়া এবং তাঁবু প্রবেশের অনুমতি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ।
কিন্তু এগেল্যান্ডের বক্তব্যে যে বাস্তবতা উঠে এসেছে, তা সম্পূর্ণ ভিন্ন। কূটনীতিকদের দৃষ্টিতে মানবিক সহায়তার যে ধারণা প্রতিষ্ঠিত হয়েছে, সেটিই গাজার মানবিক বঞ্চনাকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে, যেখান থেকে পরিস্থিতি আর ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে।
মানবিক সহায়তার ব্যবস্থা এখন বিভিন্ন দিক থেকেই ভেঙে পড়ছে। আর বিশ্বনেতারাও এই ব্যর্থতা আড়াল করতে পারছেন না।
- রামোনা ওয়াদি: একজন স্বাধীন গবেষক, ফ্রিল্যান্স সাংবাদিক, বই সমালোচক এবং ব্লগার। সূত্র: মিডল ইস্ট মনিটর

