ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আধুনিক বিশ্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী আঞ্চলিক সংস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে এ সংস্থার জন্ম হয়। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম অভিন্ন বাজার ও শীর্ষস্থানীয় কূটনৈতিক শক্তি হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে ইইউর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক স্থায়িত্ব নিয়ে নানা প্রশ্ন উঠছে।
ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নির্ধারণে একাধিক বিষয় প্রভাবশালী ভূমিকা পালন করছে।
প্রথমত, ইইউর অভ্যন্তরীণ কাঠামোগত চ্যালেঞ্জসমূহ। সংস্থাটি ২৭টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পটভূমি ভিন্ন। এর ফলে বিভিন্ন ইস্যুতে মতানৈক্য এবং সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব দেখা দেয়। উদাহরণস্বরূপ, ২০০৮ সালের আর্থিক সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয়ের অভাব ইইউর অভ্যন্তরীণ দুর্বলতাকে প্রকট করেছে। বিশেষত, দক্ষিণ ইউরোপের দেশগুলোর আর্থিক পুনরুদ্ধার প্রক্রিয়া উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় ধীরগতির হওয়ায় অভ্যন্তরীণ বিভাজন বেড়ে গেছে।
দ্বিতীয়ত, ব্রেক্সিটের ফলে ইইউর রাজনৈতিক দৃঢ়তায় আঘাত লেগেছে। যুক্তরাজ্যের প্রস্থান শুধু অর্থনৈতিক ক্ষতির কারণ হয়নি, এটি সংস্থাটির রাজনৈতিক একতাকেও প্রশ্নবিদ্ধ করেছে। ব্রেক্সিটের প্রভাব এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ইইউ। যুক্তরাজ্যের প্রস্থান অন্যান্য দেশগুলোর মধ্যেও জাতীয়তাবাদী প্রবণতা উসকে দিয়েছে। উদাহরণস্বরূপ, হাঙ্গেরি এবং পোল্যান্ডের মতো দেশগুলোতে ইইউর অভ্যন্তরীণ আইন মানার ক্ষেত্রে অনীহা স্পষ্ট। এই জাতীয় মনোভাব সংস্থার অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে জটিলতা সৃষ্টি করছে।
তৃতীয়ত, অভিবাসন সংকট ইইউর অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। ২০১৫ সালে সিরিয়া সংকটের সময় লাখ লাখ শরণার্থী ইউরোপে প্রবেশ করে। এটি শুধু ইউরোপের মানবিক দায়বদ্ধতার প্রশ্ন উত্থাপন করেনি বরং রাজনৈতিক ও সামাজিক বিভক্তি বাড়িয়েছে। দক্ষিণ ইউরোপের দেশগুলো, বিশেষত গ্রিস এবং ইতালি, শরণার্থীদের ভার বহনে অধিকতর চাপের মধ্যে রয়েছে। অন্যদিকে, পূর্ব ইউরোপের দেশগুলো শরণার্থী গ্রহণে অনীহা প্রকাশ করেছে। এই বৈষম্য ইইউর অভ্যন্তরীণ ঐক্যের জন্য হুমকিস্বরূপ।
চতুর্থত, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। যদিও সংস্থাটি ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের পরিকল্পনা করেছে। সদস্য দেশগুলোর ভিন্ন ভিন্ন প্রাধান্য এবং আর্থিক সক্ষমতা এই লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করছে। উন্নত দেশগুলোর তুলনায় পূর্ব ইউরোপের উন্নয়নশীল দেশগুলোতে টেকসই জ্বালানির ব্যবহার বাড়ানো একটি বড় চ্যালেঞ্জ। এ বিষয়টি ইইউর পরিবেশগত নীতিমালার উপর একটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নির্ধারণে আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিবর্তনগুলোকেও গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিগুলো ইইউর রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে প্রভাব ফেলছে। বিশেষত: রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধ এবং চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প ইইউর নিরাপত্তা ও বাণিজ্য নীতিকে চ্যালেঞ্জ করেছে। এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রান্সআটলান্টিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়াতেও জটিলতা দেখা যাচ্ছে।
এ প্রেক্ষাপটে ইইউর ভবিষ্যৎ নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম খণ্ডে ইইউর অভ্যন্তরীণ চ্যালেঞ্জ ও বৈশ্বিক ভূরাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী খণ্ডে, ইইউর বর্তমান কৌশল এবং ভবিষ্যতে এ সংস্থার টিকে থাকার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হবে।
বর্তমান প্রেক্ষাপটে, ইউরোপীয় ইউনিয়ন কেবল একটি অর্থনৈতিক জোট নয়। এটি রাজনৈতিক, সামাজিক এবং পরিবেশগত উন্নয়নেও অগ্রগামী ভূমিকা পালন করে আসছে। তবে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে টিকে থাকতে হলে তাদের নতুন কৌশল এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।
ইইউ বর্তমানে কয়েকটি ক্ষেত্রে কৌশলগত অগ্রাধিকার দিচ্ছে।
প্রথমত, অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে কাজ করছে সংস্থাটি। কোভিড-১৯ মহামারি ও ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতি এবং সরবরাহ শৃঙ্খলের সংকট মোকাবিলায় ইইউ বেশ কয়েকটি উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘নেক্সটজেনারেশন ইইউ’ নামে একটি পুনরুদ্ধার প্যাকেজ। যার বাজেট ৭৫০ বিলিয়ন ইউরো। এই তহবিল মূলত সদস্য দেশগুলোর অর্থনীতি পুনর্গঠনে এবং টেকসই উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের জন্য বরাদ্দ করা হয়েছে।
অন্যদিকে, ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দেওয়া ইইউর অন্যতম কৌশল। তারা লক্ষ্য নিয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম ডিজিটাল হাব হিসেবে আত্মপ্রকাশ করা। এ লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করা হচ্ছে। তবে এই রূপান্তর বাস্তবায়নে উন্নত দেশ ও অপেক্ষাকৃত দুর্বল অর্থনীতির সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় সাধন করা ইইউর জন্য একটি বড় চ্যালেঞ্জ।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ‘ইউরোপিয়ান গ্রিন ডিল’ হলো তাদের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প। যার লক্ষ্য ২০৫০ সালের মধ্যে ইউরোপকে কার্বন নিরপেক্ষ মহাদেশে পরিণত করা। ইইউর নীতি নির্ধারকরা পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং কার্বন ট্যাক্স চালুর মাধ্যমে টেকসই অর্থনীতির দিকে অগ্রসর হতে চায়। এই প্রকল্পে ১ ট্রিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সদস্য দেশগুলোর ভিন্ন ভিন্ন আর্থিক সক্ষমতা এবং রাজনৈতিক ইচ্ছার কারণে এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা ভবিষ্যতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহ্যগত সামরিক সম্পর্ক থাকা সত্ত্বেও, ইইউ নিজস্ব সামরিক শক্তি গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর ইইউ ‘ইউরোপিয়ান পিস ফ্যাসিলিটি’ নামে একটি নতুন তহবিল গঠন করেছে। যার মাধ্যমে সদস্য দেশগুলো একত্রিত হয়ে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। এটি ইইউকে একটি স্বতন্ত্র ভূরাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার একটি বড় পদক্ষেপ।
অভিবাসন সংকট মোকাবিলায় ইইউর নীতি দিন দিন কঠোর হচ্ছে। তবে এটি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজন বাড়িয়েছে। একদিকে, দক্ষিণ ইউরোপের দেশগুলো মানবিক কারণে শরণার্থীদের গ্রহণ করার পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে, পূর্ব ইউরোপের দেশগুলো অভিবাসনকে জাতিগত ও সাংস্কৃতিক হুমকি হিসেবে দেখছে। ইইউ একটি অভিন্ন অভিবাসন নীতি প্রণয়নের চেষ্টা করছে, যা শরণার্থীদের ন্যায্য বণ্টনের নিশ্চয়তা দেবে।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ইইউ বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় তাদের প্রভাব আরও শক্তিশালী করতে চায়। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের প্রতিক্রিয়ায় ইইউ ‘গ্লোবাল গেটওয়ে’ নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। যার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামোগত বিনিয়োগ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে ইইউ উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির সঙ্গে নিজেদের সংযুক্ত করতে চায় এবং চীনের প্রভাবকে মোকাবিলা করার চেষ্টা করছে।
তবে ইইউর অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এখনও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য এবং একমত হতে দীর্ঘ সময় লাগার কারণে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়িত হতে দেরি হচ্ছে। বিশেষ করে: ভেটো ক্ষমতা নিয়ে বিতর্ক ইইউর কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। ইইউর ভবিষ্যৎ টিকে থাকা অনেকাংশে নির্ভর করবে তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সংস্কারের ওপর।
ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গেলে সংস্থাটির দীর্ঘমেয়াদি টিকে থাকার সম্ভাবনা এবং সম্ভাব্য ভূরাজনৈতিক অবস্থান বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি।
ইইউর দীর্ঘমেয়াদি টিকে থাকার সম্ভাবনা অনেকাংশে নির্ভর করছে এর ‘অভ্যন্তরীণ ঐক্য’ ও ‘প্রাতিষ্ঠানিক সংস্কারের’ উপর। ইইউর বর্তমান সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, বিশেষত: সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণের বাধ্যবাধকতা, কার্যকারিতার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করছে। ভবিষ্যতে যদি ইইউ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভেটো ব্যবস্থার সংস্কার করতে পারে। তবে সংস্থাটি আরও কার্যকর এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে।
সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিভাজন। বিশেষত: অর্থনৈতিক এবং সামাজিক ইস্যুগুলোতে ইইউর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি করেছে। দক্ষিণ ইউরোপ এবং পূর্ব ইউরোপের দেশগুলোর তুলনায় পশ্চিম ইউরোপের দেশগুলোর আর্থিক সক্ষমতা বেশি হওয়ায় অভ্যন্তরীণ সম্পদের বণ্টনে অসন্তোষ দেখা দেয়। এই বিভেদ কমাতে ইইউকে একটি অভিন্ন আর্থিক নীতি প্রতিষ্ঠা করতে হবে, যাতে সকল সদস্য রাষ্ট্র তাদের অর্থনৈতিক অবস্থা সঠিকভাবে পুনর্গঠনের সুযোগ পায়।
ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ ভূরাজনৈতিক অবস্থান অনেকাংশে নির্ভর করবে তার ‘আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের’ উপর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ইইউর নিরাপত্তা নীতি এবং ন্যাটোর সঙ্গে সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে। তবে ভবিষ্যতে ইইউ নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চাইছে, যা তাকে যুক্তরাষ্ট্র-নির্ভরতা থেকে মুক্ত করতে পারে। ‘স্ট্র্যাটেজিক অটোনমি’ নামে পরিচিত এই কৌশল ইইউকে একটি স্বতন্ত্র সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক বাণিজ্যে ইইউর অবস্থান আরও শক্তিশালী হতে পারে। তবে এজন্য চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখা অপরিহার্য। চীন একটি বড় বাজার এবং অর্থনৈতিক অংশীদার হলেও, এর বেল্ট অ্যান্ড রোড প্রকল্প এবং প্রযুক্তিগত প্রভাব ইইউর জন্য একটি প্রতিদ্বন্দ্বিতা তৈরি করছে। একইভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রান্সআটলান্টিক বাণিজ্য সম্পর্ক মজবুত থাকলেও, বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউ ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। এর ‘গ্রিন ডিল’ উদ্যোগ যদি সফল হয়, তবে এটি কেবল ইউরোপ নয়। বৈশ্বিক জলবায়ু নীতিতে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই প্রকল্পের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে ইইউর নেতৃত্ব নিশ্চিত হবে। তবে এর জন্য সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আর্থিক সমন্বয় এবং রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।
অভিবাসন ইস্যুতে ইইউর নীতি ভবিষ্যতে আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়া থেকে অভিবাসনের প্রবাহ কমার কোনো লক্ষণ নেই। যদি ইইউ অভিবাসন সংকটের কার্যকর সমাধান বের করতে ব্যর্থ হয়। তবে এটি কেবল সামাজিক অস্থিরতা নয়, রাজনৈতিক বিভেদও বাড়াবে। এ সমস্যা সমাধানে একটি মানবিক ও কার্যকর অভিবাসন নীতি গড়ে তোলা অত্যন্ত জরুরি।
তবে ভবিষ্যতে ইইউর জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে ‘জনমিতি সমস্যা’। ইউরোপে জন্মহার ক্রমশ কমছে এবং প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। এটি শ্রমবাজারে ঘাটতি এবং পেনশন ব্যবস্থা নিয়ে সংকট তৈরি করবে। এ সমস্যা সমাধানে ইইউকে অভিবাসীদের অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং অটোমেশন ব্যবস্থায় বিনিয়োগ করতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে তার নাগরিকদের প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতা বজায় রাখার উপর। জাতীয়তাবাদী ও ইউরোস্কেপ্টিক প্রবণতা বাড়ছে, যা ইইউর একতাকে প্রশ্নবিদ্ধ করছে। ইইউ যদি সদস্য রাষ্ট্রগুলোর জনগণের জন্য বাস্তবসম্মত সুবিধা নিশ্চিত করতে পারে, তবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।
এছাড়া, ইইউর ভবিষ্যৎ কেবল অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলার উপর নয় বরং তার কৌশলগত দূরদর্শিতার উপরও নির্ভরশীল। ভবিষ্যতের ইইউ কি একটি অর্থনৈতিক শক্তি হিসেবে থাকবে, নাকি একটি সামরিক ও কূটনৈতিক শক্তি হিসেবেও প্রতিষ্ঠিত হবে- তা সময়ই বলে দেবে। তবে এই বিশ্লেষণ থেকে বোঝা যায়, ইইউর টিকে থাকা এবং উন্নতি সম্ভব। যদি এটি অভ্যন্তরীণ ঐক্য বজায় রেখে বহিরাগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।

