ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা ঘিরে মুখোমুখি আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেশ কিছুদিন ধরেই এই বৈঠকের প্রস্তাব দিয়ে যাচ্ছে উভয় পক্ষ। কিন্তু কেন এখনই এই আলোচনার চেষ্টা?
সিএনএন–এর একটি বিশ্লেষণ অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প মনে করেন, তার ব্যক্তিগত প্রভাব কাজে লাগিয়ে মস্কোকে আলোচনায় আনা সম্ভব। তিনি বিশ্বাস করেন, ছয় মাসের অচলাবস্থা ভেঙে সরাসরি বৈঠকের মাধ্যমে যুদ্ধ বন্ধে রাজি করানো যেতে পারে রাশিয়াকে।
পুতিনের অবস্থান অবশ্য আরো জটিল। সম্প্রতি তিনি বলেন, রুশ ও ইউক্রেনীয়রা একই জাতি এবং রুশ সেনারা যেখানে পা রাখবে, সেখানেই রাশিয়া।

এদিকে, গত মে মাসে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ইউক্রেনের দেওয়া একটি নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পুতিন। তার বদলে ছোটখাটো, গুরুত্বহীন যুদ্ধবিরতির ঘোষণা দেন। কারণ, এখন তার বাহিনী গ্রীষ্মকালীন অভিযানে অগ্রগতি অর্জন করছে এবং শরতে পরিস্থিতি নিজ পক্ষে নিতে চান তিনি।
ট্রাম্প-পুতিন বৈঠক হলে কী ঘটতে পারে?
যদি বৈঠক হয়, যুক্তরাষ্ট্র চাইতে পারে ট্রাম্প–পুতিন–জেলেনস্কির মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক। এ ধরনের প্রস্তাব গত মে মাসে ইস্তাম্বুলে রাশিয়া প্রত্যাখ্যান করেছিল।
পুতিনের লক্ষ্য হতে পারে, ট্রাম্পকে নিজের মতো করে ‘কক্ষপথে’ ফিরিয়ে আনা। যদিও বৈঠক হবে কি না, তা এখনও অনিশ্চিত। তবে মূল প্রশ্ন হলো, প্রায় সাড়ে তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ কোন পথে এগোতে পারে?

সিএনএনের বিশ্লেষণ অনুসারে পাঁচটি সম্ভাব্য দৃশ্যপট তুলে ধরা হয়েছে:
১. পুতিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি হওয়া: এটি সবচেয়ে অস্বাভাবিক ও অবাস্তব। চলতি বছরের মে মাসে ফ্রন্টলাইন অপরিবর্তিত রেখে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। কিন্তু রাশিয়া তা নাকচ করে। এখন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি অর্জন করছে ক্রেমলিন, ফলে থেমে যাওয়ার মতো পরিস্থিতি তারা দেখছে না। অন্তত অক্টোবর পর্যন্ত পুতিন লড়াই চালিয়ে যেতে চান।
২. কিছু অর্জনের পর আলোচনা: পুতিন গ্রীষ্মের লড়াইয়ে কিছু সফলতা পেয়ে শীতের আগে যুদ্ধ বন্ধ রাখতে পারেন, যাতে সেনারা বিশ্রাম নিতে পারে। এরপর ২০২৬ সালে আবার যুদ্ধ শুরু হতে পারে কিংবা তিনি কূটনৈতিকভাবে দখলকৃত অঞ্চলকে স্থায়ী করার চেষ্টায় নামতে পারেন। ইউক্রেনের স্থগিত নির্বাচন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির বৈধতা নিয়েও প্রশ্ন তুলতে পারেন তিনি।
৩. ইউক্রেনের প্রতিরোধ বজায় থাকা: মার্কিন ও ইউরোপীয় সহায়তায় ইউক্রেন বড় ধরনের ছাড় না দিয়েই তিন বছর ধরে লড়াইয়ে টিকে আছে। ভবিষ্যতে রাশিয়ার অগ্রগতি ধীর হয়ে গেলে বা থেমে গেলে পুতিন আলোচনায় বসতে পারেন। ইউরোপীয় ন্যাটো সেনারা কিয়েভসহ বড় শহরগুলোতে অবস্থান নিলে তা মস্কোকে আলোচনায় বাধ্য করতে পারে। এটিই ইউক্রেনের জন্য সবচেয়ে ইতিবাচক পথ হতে পারে।

৪. ইউক্রেন ও ন্যাটোর বিপর্যয়: যদি ট্রাম্প–পুতিন বৈঠকে আমেরিকা-রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং ইউক্রেন পশ্চিমাদের সমর্থন হারায়, তবে ইউরোপ একা ভারসাম্য রক্ষা করতে পারবে না। রাশিয়া পূর্ব ইউক্রেনের ছোট অগ্রগতিকে বড় বিজয়ে রূপ দিতে পারে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।
৫. পুতিনের জন্য সোভিয়েত-আফগানিস্তান পুনরাবৃত্তি: রাশিয়া সীমিত অগ্রগতির জন্য বিপুল প্রাণহানির মধ্যে পড়তে পারে। পশ্চিমা নিষেধাজ্ঞায় রুশ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। চীন ও ভারতের সঙ্গে সম্পর্কেও টানাপোড়েন দেখা দিতে পারে। অভ্যন্তরীণ অস্থিরতা বাড়লে পুতিনের শক্তিও দুর্বল হয়ে যেতে পারে। সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আগ্রাসনের অভিজ্ঞতা এই রকম পরিস্থিতির ইঙ্গিত দেয়।
সিএনএনের বিশ্লেষণে বলা হয়, এই পাঁচটি পথের কোনোটিই ইউক্রেনের জন্য আদর্শ নয়। এগুলো কেবল সম্ভাব্য পরিণতি। আর এই সম্ভাবনাগুলো শুধু ট্রাম্প–পুতিন বৈঠকের মাধ্যমে সম্ভব নয়, ইউক্রেনকে আলোচনার কেন্দ্রে রাখাও জরুরি।

